ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু

ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট ৫৩০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ৯৪৯ জন।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ঢাকা বিভাগে ৪২৫ জন, ময়মনসিংহ বিভাগে ৩৫ জন, চট্টগ্রাম বিভাগে ১৮৯ জন, খুলনা বিভাগে ১১২ জন, রাজশাহী বিভাগে ৫৮, রংপুর বিভাগে ৩৩ জন, বরিশাল বিভাগে ৯৫ জন এবং সিলেট বিভাগে দুইজন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯৪৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরের ২৮ নভেম্বর পর্যন্ত সারাদেশে মোট এক লাখ ৭৯ হাজার ৭০৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়, চলতি বছরে এ পর্যন্ত মোট ১ লাখ ৭৪ হাজার ৭১৪ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। বর্তমানে ৪ হাজার ৪৬৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি আছেন।

 
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/192812