পিরোজপুরে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল মাদ্রাসাছাত্রের

পিরোজপুরে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল মাদ্রাসাছাত্রের

পিরোজপুরের জিয়ানগরে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় আশরাফুল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। 

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার জিয়ানগর-চণ্ডীপুর সড়কের মধ্য ইন্দুরকানী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।   

নিহত আশরাফুল উপজেলার জিয়ানগর এফ করিম আলিম মাদ্রাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। সে উপজেলার সেউতিবাড়িয়া গ্রামের মোহাম্মদ রাজীব ও নাজমা দম্পতির ছেলে।   

আশরাফুলের নানা মোয়াজ্জেম হোসেন বলেন, দুই দিন আগে মায়ের সঙ্গে নানাবাড়িতে বেড়াতে এসেছিল আশরাফুল। মঙ্গলবার দুপুরে রাস্তার পাশে খেলার সময় হঠাৎ সড়কে উঠে যায় সে। এ সময় ঘোষের হাটের দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয় এবং অটোরিকশার একটি লোহার পাইপ তার শরীরে ঢুকে যায়। পরে স্বজনেরা তাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।   

পিরোজপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মেডিকেল অফিসার মো. রফিকুল ইসলাম বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছিল।   

জিয়ানগর (ইন্দুরকানী) থানার ওসি মো. মহব্বত খান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/192306