ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে রেস্তোরাঁয় ভয়াবহ বিস্ফোরণ: নিহত ৬
আন্তর্জাতিক ডেস্ক : ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের একটি হটপট রেস্তোরাঁয় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১০ জন।
মঙ্গলবার সকাল ৮টার দিকে শহরের ডং দা জেলায় এ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় ভবনটির একাংশ ধসে পড়ে। এ ছাড়া আশপাশের প্রায় ১০টি স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়।
পুলিশের প্রাথমিক ধারণা, গ্যাস লিক থেকে এ বিস্ফোরণ ঘটে থাকতে পারে। তবে এর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। বিস্ফোরণের সময় উড়ে আসা ধ্বংসাবশেষের আঘাতে এক পথচারীও নিহত হয়েছেন।
উদ্ধারকর্মীদের আশঙ্কা, ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচে আরো মানুষ আটকা পড়ে থাকতে পারেন। দুর্ঘটনার পর কর্তৃপক্ষ আশপাশের ক্ষতিগ্রস্ত ভবনগুলো থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়েছে।
জরুরি সেবাকর্মীরা উদ্ধার অভিযান ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চালিয়ে যাচ্ছেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/192300