বগুড়ার শেরপুরে শুক্রবার সব মার্কেট বন্ধের দাবিতে দোকান শ্রমিকদের মানববন্ধন
শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুর উপজেলার সকল মার্কেট ও বিপণি বিতান প্রতি শুক্রবার বন্ধ রাখার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন দোকান শ্রমিকরা। আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১০টায় শেরপুর প্রেসক্লাবের সামনে ঢাকা-বগুড়া মহাসড়কে উপজেলা দোকান শ্রমিক ইউনিয়ন বগুড়ার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল আজিজের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক উপদেষ্টা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও শেরপুর পৌরসভার সাবেক পৌর মেয়র আলহাজ জানে আলম খোকা।
দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান মিলন।
এ সময় আরও উপস্থিত ছিলেন রাসেল হোসেন, সুলতান মাহমুদ, সুমন আহম্মেদ, রেজাউল করিম মুকুল, ফরহাদ হোসেন, শাহ আলম সহ শতাধিক কর্মচারী। মানববন্ধনে বক্তারা বলেন, দোকান ও মার্কেটে কর্মরত শ্রমিক-কর্মচারীদেরও সাপ্তাহিক ছুটির প্রয়োজন রয়েছে।
সপ্তাহের অন্য দিনগুলোতে কাজের ব্যস্ততায় তারা পরিবারকে সময় দিতে পারেন না। শ্রমিকদের ন্যায্য অধিকার, বিশ্রাম ও পারিবারিক সময় নিশ্চিত করতে শেরপুর উপজেলার সকল মার্কেট ও বিপণিবিতান প্রতি শুক্রবার বন্ধ রাখার দাবি জানান তারা।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/191390