যশোরে ট্রেনের ধাক্কায় কাভার্ডভ্যান দ্বিখণ্ডিত, চালক নিহত

যশোরে ট্রেনের ধাক্কায় কাভার্ডভ্যান দ্বিখণ্ডিত, চালক নিহত

যশোরের ঝিকরগাছা উপজেলায় ট্রেনের ধাক্কায় মুরগির খাদ্য বোঝাই একটি কাভার্ডভ্যান দ্বিখণ্ডিত হয়ে গেছে। এ দুর্ঘটনায় চালক আতিয়ার রহমান (৫৫) নিহত হয়েছেন।

আজ বুধবার (৪ নভেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে যশোর-বেনাপোল মহাসড়কের গাজীরদরগাহ ফিলিং স্টেশন থেকে জয়কৃষ্ণপুরগামী সড়কের একটি অরক্ষিত ও অননুমোদিত রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

আতিয়ার রহমান ঝিকরগাছা পৌর এলাকার কাটাখাল কলোনিপাড়ার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, মুরগির খাদ্য বোঝাই কাভার্ডভ্যানটি রেলক্রসিং পার হচ্ছিল। এ সময় বেনাপোল থেকে খুলনাগামী একটি খালি ট্রেন ওই এলাকা অতিক্রম করতে গিয়ে কাভার্ডভ্যানটিকে ধাক্কা দেয়।

এতে কাভার্ডভ্যানটির কেবিন মূল বডি থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে চালক গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঝিকরগাছা রেলস্টেশন মাস্টার নিগার সুলতানা বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, বেনাপোল থেকে বেলা ১১টার দিকে বেনাপোল এক্সপ্রেসের খালি ট্রেনটি ছেড়ে আসে। ট্রেনটি ১১টা ৩৫ মিনিটে ঝিকরগাছা স্টেশন অতিক্রম করে। এরপর কিছু দূরে দুর্ঘটনায় পতিত হয়। দুর্ঘটনার পর ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/189855