চাঁদপুরে জব্দ ১০ মণ ইলিশ, এতিমখানা ও দুস্থদের মধ্যে বিতরণ
চাঁদপুরের মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের অভিযোগে ১৬ জেলেকে আটক করেছে নৌপুলিশ। এ সময় ছয়টি নৌকা, ১২ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ১০ মণ ইলিশ জব্দ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) নৌপুলিশ জানায়, বুধবার রাতে মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে মাছ শিকাররত অবস্থায় ওই ১৬ জেলেকে হাতেনাতে আটক করা হয়।
এ ঘটনায় চাঁদপুর সদর থানায় ছয়টি মামলা করা হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী জব্দ করা অবৈধ কারেন্ট জাল ও নৌকা বিনষ্ট করা হয়েছে। অন্যদিকে, আদালতের অনুমতি নিয়ে জব্দ করা ইলিশ মাছ এতিমখানা ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে।
চাঁদপুর নৌথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসাইন বলেন, মা ইলিশের অভয়াশ্রম রক্ষা ও প্রজনন নিশ্চিত করতে মেঘনা নদীতে দিনরাত তিন থেকে চারটি দল টহল দিচ্ছে।
তিনি আরও বলেন, মা ইলিশ সংরক্ষণ ও প্রজনন সুরক্ষায় নৌপুলিশের অভিযান অব্যাহত রয়েছে। কোনোভাবেই অসাধু জেলেদের নদীতে নামতে দেওয়া হবে না।
নিষেধাজ্ঞার সময়ে মা ইলিশ শিকার বন্ধ রাখতে নদীতে নিয়মিত অভিযান ও নজরদারি জোরদার করা হয়েছে বলে জানিয়েছে নৌপুলিশ।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/187530