শ্রীনগরে হাত-পা বাঁধা অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার
মুন্সীগঞ্জের শ্রীনগরে হাত-পা বাঁধা অবস্থায় এক অজ্ঞাতনামা পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার হাসাড়া-সিংপাড়া কেসি সড়কসংলগ্ন একটি আবাদি জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়দের ভাষ্য, কেসি সড়ক দিয়ে যাতায়াতের সময় তারা ওই এলাকা থেকে তীব্র দুর্গন্ধ পান। পরে আশপাশে খোঁজ নিয়ে জমির মধ্যে হাত-পা বাঁধা অবস্থায় অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।
খবর পেয়ে শ্রীনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
শ্রীনগর থানার ওসি (তদন্ত) মিল্টন দত্ত জানান, গত ৩-৪ দিন আগে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাতনামা পুরুষের মরদেহটি ফেলে রাখা হয়। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) টিমকে সংবাদ দেওয়া হয়েছে। তারা আসলে মরদেহটির আঙুলের ছাপ নিয়ে পরিচয় শনাক্ত করা সম্ভব হবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/184673