বগুড়ার কাহালুতে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালক নিহত
কাহালু (বগুড়া) প্রতিনিধি : বগুড়া জেলার কাহালুতে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে সিরাজুল হক খাঁন(৭০)নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। এ ঘটনায় স্থানীয়রা ট্রাকটি আটক করে পুলিশের হেফাজতে দিয়েছে। ঘটনাটি ঘটেছে আজ শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল আনুমানিক পৌণে ৪ টার সময় বগুড়া-নওগাঁ আঞ্চলিক সড়কের কাহালু উপজেলার মুরইল নামক বাসস্ট্যান্ডে। নিহত সিরাজুল হক খাঁন বগুড়া সদর উপজেলার কৈচড় গ্রামের মৃত রইচ উদ্দিন খানের ছেলে।
জানা গেছে, আজ শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে সিরাজুল হক কাহালু উপজেলার পাইকড় গ্রামে তার মেয়ের বাড়ি থেকে নিজ(ডায়াং রানার)মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে মুরইল বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পারাপারের সময় দুপচাঁচীয়া থেকে ছেড়ে আসা বগুড়াগামী একটি ট্রাক(ঢাকা,মেট্রো-ট,১৬-২৪৬৯)মোটরসাইকেলসহ তাকে চাপা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়। এদিকে ঘটনার সময় স্থানীয়রা ট্রাকটি আটক করে কাহালু থানার পুলিশি হেফাজতে দেয়।
নিহত সিরাজুল হক খাঁনের জামাতা বগুড়া লাইট হাউজের প্রকল্প সমন্বয়কারী সিদ্দিকুল ইসলাম মামুন জানান তার শ্বশুর সাব-রেজিস্ট্রি অফিসের অফিস সহকারি পদে চাকরি করেছেন এবং বর্তমানে তিনি অবসরে ছিলেন। অপরদিকে নিহত সিরাজুল হক খাঁনের মরদেহ কাহালু থানায় আনা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি। কাহালু থানার এসআই নুর মোহাম্মাদ দুর্ঘটনায় মৃত্যুর সংবাদটির সত্যতা নিশ্চিত করেছেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/182600