ঢাকায় নিখোঁজ শিশুকে রংপুর থেকে উদ্ধার করল র্যাব
রংপুর জেলা প্রতিনিধি: ঢাকার পল্লবী থেকে নিখোঁজ এক শিশুকে ২৪ ঘন্টার মধ্যে রংপুর থেকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। উদ্ধারকৃত আরমান হোসেন বাঁধন (১৪) পল্লবীর বাসিন্দা হেদায়েতুল ইসলামের ছেলে।
ভুক্তভোগী শিশুর বাবার দায়েরকৃত জিডি থেকে জানা যায়, ভুক্তভোগী আরমান আহম্মদ বাঁধন (১৪) গত ৩০ আগস্ট রাতে ঢাকা জেলার মিরপুর থানার পল্লবী ১২ নং সেকশনের ৪/৪ রোডের বাসার নিচে খেলাধুলা করছিল। তারপর শিশুটি আর বাসায় ফেরেনি।
শিশুটির পরিবার তাকে আশেপাশে অনেক খোঁজাখুঁজি করেও আর খুঁজে পায়নি। এই ঘটনায় শিশুটির পিতা গত ৩১ আগস্ট ঢাকা মহানগরীর পল্লবী থানায় একটি নিখোঁজ জিডি করেন। গতকাল মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র্যাব ১৩ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।
র্যাব জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিএসসি, র্যাব-৪ এবং র্যাব-১৩ যৌথ আভিযানিক দল গত সোমবার বিকেলে অভিযান পরিচালনা করে নিখোঁজ শিশু আরমান আহম্মদ বাঁধনকে (১৪) রংপুর মহানগরীর কোতয়ালী থানার কাছারি বাজারস্থ মৌবন বেকারির সামনে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত শিশুটিকে সুস্থ ও স্বাভাবিক অবস্থায় তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/182158