ফরিদপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীসহ নিহত ২
ফরিদপুরের ভাঙ্গায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কাউছার আহমেদ রাতুল (১৭) ও মো. রাজু (২০) নামে দুইজন নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে ভাঙ্গা ইন্টারচেঞ্জ এলাকার গোলচত্বরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কাউছার আহমেদ রাতুলের বাড়ি উপজেলার তুজারপুর ইউনিয়নের জান্দি গ্রাম। এ দুর্ঘটনায় নিহত রাজুর পরিচয় এখনো জানা যায়নি।
ভাঙ্গা হাইওয়ে থানা ও স্থানীয়ভাবে জানা যায়, বৃহস্পতিবার সকালে গোল্ডেন লাইন এর একটি বাস মোটরসাইকেলটি চাপা দিলে এ দুর্ঘটনার সংগঠিত হয়। এতে মোটরসাইকেল আরোহী রাতুল ও তার বন্ধু গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় । সেখানে মারাত্মকভাবে আহত দুজনের অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।
স্বজনরা জানান, মাত্র তিন দিন আগে রাতুলের জন্য নতুন মোটরসাইকেল কিনে দিয়েছিলেন তার বাবা-মা। নতুন মোটরসাইকেলটি নিয়ে বের হওয়াই কাল হলো তার। মর্মান্তিক দুর্ঘটনায় তার মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
ভাঙ্গা হাইওয়ে থানার কর্মকর্তা (উপ-পরিদর্শক) মোহাম্মদ সোহেল মিয়া ঘটনার সততা নিশ্চিত করে বলেন, ভাঙ্গা গোল চত্বর ইন্টারচেঞ্জ এলাকায় বাস -মোটর সাইকেলের সংঘর্ষের ঘটনায় দুইজন নিহত হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/181466