বগুড়ায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
স্টাফ রিপোর্টার : বগুড়া সদরের নুনগোলা ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার সাইফুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। রোববার (২৩ আগষ্ট) রাতে এ হত্যার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী তার ফার্মের কর্মচারী ও সম্পর্কে নাতি জানান, সদরের বাঘােপাড়া বন্দরে আড্ডা দিয়ে চা খেয়ে তার সাথে তিনি আসকোলা গ্রামে বাড়ি ফিরছিলেন। কিন্তু পথিমধ্যে রাত সোয়া দশটার দিকে সাবেক ইউপি মেম্বার সাইফুল ইসলাম ৩-৪ জন মুখ চেনা দুর্বৃত্তের কবলে পড়েন। এ সময় ওই দুর্বৃত্তরা তার পথরোধ করে। তার সঙ্গে তারা বাক বিতন্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে তারা তাকে রাস্তা থেকে পাশে ধান ক্ষেতে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে চলে যায়। এ সময় তিনিও প্রাণভয়ে পালিয়ে এসে বাড়িতে খবর দেন। খবর পেয়ে পরিবারে লোকজন সেখানে গিয়ে সাইফুল ইসলামকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। কিন্তু কিছুক্ষণ পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সদর থানার ওসি মো,ইব্রাহিম আলী জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পূর্ব শত্রুতার জের হিসেবে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে। সেই সাথে এ হত্যাকাণ্ডে জড়িতদের সনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/181084