বগুড়ার দুপচাঁচিয়ায় সরকারি চাল পাচারকালে আটক
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়া দুপচাঁচিয়া উপজেলায় সরকারি চাল ভ্যানযোগে পাচার কালে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা পোনে ১১টায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গোলাম মওলা, খাদ্য পরিদর্শক শিহাব উদ্দিন বিভিন্ন খাদ্য ডিলারের চাল বিতরণ কেন্দ্র পরিদর্শনশেষে অফিসে ফিরছিলেন।
তারা ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছুলে একটি ভ্যানে ১০ বস্তায় চাল বহন করতে দেখেন। এতে তাদের সন্দেহ হয়। এসময় তারা ভ্যানটির চালককে ভ্যান থামাতে বললে ভ্যান চালক ভ্যান রেখে পালিয়ে যায়। পরে চালগুলো জব্দ করে অফিসে আনা হয়।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গোলাম মওলা জানান, খাদ্যবান্ধবের ভিডাব্লুবি, টিসিবি কর্মসূচির চাল অবৈধ ভাবে কালোবাজারে বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার পথে আটক করা হয়। ১০ বস্তায় ৩০ কেজি করে মোট ৩০০ কেজি চাল ছিল।
তিনি আরো জানান, উপজেলা নির্বাহী অফিসার শাহ্রুখ খানের সাথে আলোচনা করে জব্দকৃত চালগুলো ৩টি এতিম খানায় দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/180463