বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কায় বাবা-ছেলেসহ নিহত ৩

বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কায় বাবা-ছেলেসহ নিহত ৩

স্টাফ রিপোর্টার : বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কায় বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। আজ রোববার (৯ আগস্ট) সকাল ৮টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কে ছিলিমপুর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে ফ্লাইওভারে এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন।

নিহত ব্যক্তিদের মধ্যে-বগুড়ার শেরপুর উপজেলার রামচন্দ্রপুর এলাকার আনন্দ সরকারের ছেলে তাপশ সরকার (৩৫) এবং তার ছেলে তীব্র সরকারের (১৮) পরিচয় পাওয়া গেলেও নিহত অন্য একজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় আহতরা হলেন-বগুড়া সদরের ঝোপগাড়ি দক্ষিণপাড়ার আব্দুল মালেক (৩৫), দিনাজপুরের বিরামপুর উপজেলার খানপুর ইউনিয়নের লোকমান হাকিমের ছেলে নুর ইসলাম (২২) এবং একই এলাকার মো. আলম (২৫)

জানা গেছে, আজ ভোরে ছিলিমপুর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে ঢাকাগামী একটি ট্রাকের চাকা বিকল হয়ে পড়ে। চালক ও সহকারী ট্রাকটির চাকা মেরামতের কাজ করছিলেন। সকাল ৬টার দিকে রংপুরগামী অন্য একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকটির সামনের অংশ দুমড়েমুচড়ে ভেতরে ঢুকে যায় এবং ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

বগুড়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শহিদুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেন। একটি ট্রাকের কেবিন পুরোপুরি দুমড়েমুচড়ে যাওয়ায় ভেতর থেকে মরদেহ বের করতে বেশ বেগ পেতে হয়। 

কুন্দারহাট হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ হাফিজুর রহমান জানান, ছিলিমপুর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে ঢাকাগামী একটি ট্রাক বিকল হয়ে পড়ে। সেখানে সকাল ৮টার দিকে ঢাকাগামী আরেকটি ট্রাক ওই ট্রাককে ধাক্কা দিলে তিনজন নিহত হন। নিহত তিনজনের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/179297