সাতক্ষীরায় পাইলস অপারেশনে রোগীর মৃত্যু, ভুল চিকিৎসার অভিযোগ

সাতক্ষীরায় পাইলস অপারেশনে রোগীর মৃত্যু, ভুল চিকিৎসার অভিযোগ

সাতক্ষীরার শ্যামনগরে পাইলসের অপারেশন করাতে গিয়ে আলমগীর হোসেন (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

আজ শনিবার(৮আগস্ট) সকালে উপজেলার নুরনগরে গ্রাম্য চিকিৎসক গোলাম মোস্তফার ব্যক্তিগত ক্লিনিকে এ ঘটনা ঘটে।

নিহতের স্বজনদের অভিযোগ, গোলাম মোস্তফার ভুল চিকিৎসায় আলমগীরের মৃত্যু হয়েছে। তিনি নুরনগর এলাকার মৃত মোবারক আলীর ছেলে।

স্বজনদের সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে পাইলসের অপারেশন করাতে গোলাম মোস্তফার ক্লিনিকে যান আলমগীর। অপারেশন শুরুর পর তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
 
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ফারজানা আক্তার বলেন, ‘আলমগীর হোসেনকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। হাসপাতালে আনার সময় তিনি জীবিত ছিলেন না।

নিহতের চাচাতো ভাই মিজানুর রহমান অভিযোগ করেন, ‘গোলাম মোস্তফার ভুল চিকিৎসার কারণেই আলমগীরের মৃত্যু হয়েছে।’

খবর পেয়ে ঘটনাস্থলে যায় শ্যামনগর থানা পুলিশ। পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

শ্যামনগর থানার ওসি শাফিউল ইসলাম পাটোয়ারী বলেন, ‘ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/179243