দেশে আর কখনো স্বৈরাচার ও উগ্রপন্থার ঠাঁই হবে না: রাষ্ট্রপতি
শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় এমন একটি মানবিক ও গণমানুষের বাংলাদেশ গড়ে তুলতে হবে, যেখানে আর কখনো ফ্যাসিবাদ, স্বৈরাচার এবং উগ্রপন্থার ঠাঁই হবে না বলে জানিয়েছেন রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ বীরবিক্রম।
আগামী ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’। গৌরবোজ্জ্বল এ অর্জনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মঙ্গলবার (৪ আগস্ট) দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি এ কথা বলেন।
বাণীতে রাষ্ট্রপতি বলেন, মহান জুলাই গণঅভ্যুত্থান দিবস বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রার ইতিহাসে এক অবিস্মরণীয় ও গৌরবময় বিজয়ের দিন।
তিনি গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিম, ইয়ামিন, ফারহান, নাফিজ, তাইম, নাঈমা, শিশু রিয়া গোপ ও আহাদসহ হাজারো বীর শহীদকে গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।
জুলাই গণঅভ্যুত্থানকে দীর্ঘ দেড় দশকের দুঃশাসন ও বৈষম্যের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, গুম-খুন, দলীয়করণ, ভোটাধিকার ও বাকস্বাধীনতা হরণের বিরুদ্ধে মানুষের মনে তুষের আগুনের মতো তীব্র ক্ষোভ জ্বলছিল।
তিনি আরও বলেন, প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী, বিচার বিভাগ, নির্বাচন কমিশন থেকে শুরু করে সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দুর্বল ও জনবিচ্ছিন্ন করে রাষ্ট্রকে ভঙ্গুর, তাবেদার আর মাফিয়া নিয়ন্ত্রিত করা হয়েছিল। কোটা সংস্কার আন্দোলন দিয়ে শুরু হলেও নিরস্ত্র শিক্ষার্থী-জনতার ওপর নৃশংস হত্যাকাণ্ডের পর তা দ্রুত সর্বব্যাপী গণঅভ্যুত্থানে রূপ নেয়। যেখানে সর্বস্তরের মানুষ অসীম সাহস নিয়ে রাজপথে নেমে আসেন।
জনগণই সকল রাষ্ট্রক্ষমতার উৎস, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এ সত্য আবারও সুপ্রতিষ্ঠিত হয়েছে মন্তব্য করে হাফিজ উদ্দিন আহমদ বলেন, এমন এক বাংলাদেশ গড়তে হবে যেখানে ভোটাধিকার, সাম্য, মানবিক মর্যাদা, ন্যায়বিচার ও মৌলিক অধিকার সমুন্নত থাকবে। রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে সুশাসন ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।
রাষ্ট্র শহীদ ও আহত জুলাই যোদ্ধাদের পরিবারের কল্যাণ, আহতদের চিকিৎসা ও পুনর্বাসন এবং জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত সকল হত্যাকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধের নিরপেক্ষ, সুষ্ঠু ও দ্রুত বিচার নিশ্চিত করবে বলে তিনি দৃঢ় বিশ্বাস ব্যক্ত করেন।
মহান জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক, মানবিক, বৈষম্যহীন ও সুখী-সমৃদ্ধ নতুন বাংলাদেশ গড়ারও আহ্বান জানান রাষ্ট্রপতি।