নওগাঁয় রেকর্ড পরিমাণ বৃষ্টি, বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় গত বুধবার মধ্যরাত থেকে আকাশের প্রচন্ড শব্দে বজ্রপাতসহ বিরামহীন ভারী বৃষ্টিপাত শুরু হয়। এমন বৈরী আবহাওয়া অব্যাহত থাকে আজ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত। এমন বৈরী আবহাওয়ার মধ্যে জেলার রাণীনগর ও মান্দা উপজেলায় মাঠে কাজ করতে গিয়ে দুই কৃষক বজ্রপাতে মারা গেছেন। এদিন সকাল থেকে দুপুরের মধ্যে এমন মৃত্যুর ঘটনা ঘটে।
অপরদিকে বিরামহীন ভারী বৃষ্টিপাতের কারণে নওগাঁ শহরের প্রধান প্রধান স্থান ও জনগুরুত্বপূর্ণ সড়কগুলোয় জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে করে হাজার হাজার পথচারীদের চলাচলের চরম দুর্ভোগ পোহাতে হয়। এমন বৈরী আবহাওয়ার কারণে অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের অভ্যন্তরীণ পরীক্ষা বাতিল করা হয়। এদিকে হঠাৎ এমন ভারী বৃষ্টির কারণে নওগাঁর প্রধান দুটি নদী ছোট যমুনা ও আত্রাই নদীর পানি নতুন করে আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেতে শুরু করেছে।
বজ্রপাতে নিহতরা হলেন-রাণীনগর উপজেলার মালশন গ্রামের মোহাম্মদ খয়বর আলীর ছেলে সাখাওয়াত হোসেন (৫৫) এবং মান্দা উপজেলার এলেঙ্গা মৃধাপাড়া এলাকায় তহির সরদারের ছেলে ইসমাইল সরদার (৫০)।
রাণীনগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকারিয়া মন্ডল বলেন, বুধবার রাত থেকেই বৃষ্টি শুরু হয়। সকাল নিহত সাখাওয়াত হোসেন বাড়ির পাশে তার নিজ জমিতে কৃষি কাজ করছিলেন। হঠাৎ করে বজ্রপাতে তার মৃত্যু হয়। এঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
এদিকে মান্দা উপজেলার প্রসাদপুর ইউপি চেয়ারম্যান মো. আব্দুল মতিন মণ্ডল বলেন, ইসমাইল সরদার নিজ জমিতে কাজ করতে যান। এসময় হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি শুরু হলে বিকট শব্দে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
অপরদিকে নওগাঁর বদলগাছি কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তা মিজানুর রহমান জানিয়েছেন, গত বুধবার রাত থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত নওগাঁয় ২৪৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা চলতি বর্ষা মৌসুমে সর্বোচ্চ। এমন বৃষ্টিপাত আরো দু’এক দিন অব্যাহত থাকার সম্ভাবনা আছে বলে তিনি জানিয়েছেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/175593