বগুড়ার শিবগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনার খেলা নিয়ে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ২

বগুড়ার শিবগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনার খেলা নিয়ে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ২

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শিবগঞ্জে বিশ্বকাপ ফুটবল খেলা নিয়ে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের পক্ষে-বিপক্ষে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সংঘর্ষে এইচএসসি পরীক্ষার্থীসহ ২জন আহত হয়েছেন। এ ঘটনায় শিবগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, শিবগঞ্জ পৌর এলাকার সন্যাসী ধোন্দাকোলা গ্রামের রমেন্দ্রনাথ মন্ডলের ছেলে জয় কুমার (১৯) ও তার চাচাতো ভাই প্রদেশ মন্ডলের ছেলে বিশাল কুমারের (১৮) আর্জেন্টিনার সমর্থক। একই গ্রামের তাপসের ছেলে তন্ময় (২২) ও স্বপন মোহন্ত (১৮) ব্রাজিল সমর্থক। উভয়পক্ষ ব্রাজিল ও আর্জেন্টিনার খেলা নিয়ে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে গত ৬ জুলাই রাত ৮টার দিকে নিজ গ্রামে বাকবিতন্ডতার একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এসময় এইচএইসি পরীক্ষার্থী জয় কুমার ও বিশাল কুমার দু’জন গুরুতর আহত হন। আহতরা শিবগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ব্যাপারে শিক্ষার্থীর বাবা রমেন্দ্রনাথ মন্ডল বলেন, আমার ছেলে ও ভাতিজা আর্জেন্টিনা দলকে সমর্থন করে।

প্রতিপক্ষ যুবকদের সঙ্গে বিশ্বকাপ খেলা নিয়ে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে আমার ছেলেকে মোবাইল ফোনে ডেকে নিয়ে মাথায়, হাতে ও পায়ে চাকু মেরে গুরুতর আহত করে। এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ শাহীনুজ্জমান বলেন, এ ব্যাপারে অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/175347