রাফিনিয়াকে নিয়ে শঙ্কিত ব্রাজিল
ব্রাজিল শিবিরে ফের দুঃসংবাদ! তারকা উইঙ্গার রাফিনিয়া আবারও চোটের ধাক্কায় পড়েছেন। বিশ্বকাপের গ্রুপ পর্বে হাইতির বিপক্ষে ম্যাচের প্রথমার্ধেই ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে ব্যথা অনুভব করে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি।
ম্যাচ চলাকালে মাঠেই চিকিৎসা দেওয়া হয় বার্সেলোনা তারকাকে। তবে ব্যথা বেশি অনুভব করায় তাকে বদলি করা হয়। মাঠ ছাড়ার সময় রাফিনিয়াকে বেশ আবেগপ্রবণ দেখা যায়। সতীর্থ গ্যাব্রিয়েল মাগালহায়েস তাকে সান্ত্বনা দেন।
সতীর্থ ভিনিসিয়ুস জুনিয়রও রাফিনিয়ার চোট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘রাফিনিয়ার চোট পাওয়াটা সত্যিই দুর্ভাগ্যজনক। মনে হচ্ছে আগের চোটের জায়গাতেই সমস্যা হয়েছে। আশা করি বিষয়টি গুরুতর নয় এবং সে দ্রুত আমাদের সঙ্গে ফিরতে পারবে।’
ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি বলেন, ‘আমরা রাফিনিয়ার অবস্থা মূল্যায়ন করব। এই মুহূর্তে ঠিক কী হয়েছে তা নিশ্চিতভাবে বলতে পারছি না।’