জয়ের খোঁজে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক: এক ম্যাচ হাতে রেখে সিরিজ ২-০ ব্যবধানে জয় নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। আজ তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি জিতে তিন ম্যাচের সিরিজ ৩-০ করার টার্গেট তাদের। তবে হোয়াইটওয়াশ এড়ানো আর সান্ত্বনা জয়ের খোঁজে থাকবে বাংলাদেশ। গত ম্যাচে জয়ের পথেই ছিল স্বাগতিকরা। কিন্তু ব্যাটাররা দুর্দান্ত শুরু করলেও হঠাৎ ছন্দপতনেই সিরিজ হারল তারা। আজ তৃতীয় ম্যাচ জিতে সিরিজ হারের ব্যর্থতা কিছুটা আড়াল করে দেওয়ার সুযোগ তাদের সামনে।
শেষ ম্যাচেও লিটনকে ছাড়াই খেলবে বাংলাদেশ। চোটের কারণে সিরিজ থেকে ছিটকে পড়েছেন দলের নিয়মিত অধিনায়ক। যথারীতি তাওহিদ হৃদয় দলকে নেতৃত্ব দেবেন। টপ অর্ডারে ব্যাটাররা ভালো করলেও অনেক দিন পর দলে ফেরা সৌম্য সরকার হতাশ করেছেন। পরপর দুই ম্যাচেই সহজ শট খেলে আউট হন। অবশ্য এই সমস্যা তানজিদ ও তাওহিদের মধ্যেও দেখা গেছে। জয়ে ফিরতে হলে আরো সাবধানি ব্যাটিং করতে হবে তাদের। অন্যদিকে শেষ ম্যাচের একাদশে ফিরতে পারেন তাসকিন। রিশাদ মোটেও ভালো করছেন না। এজন্য একাদশ থেকে জায়গা হারাতে পারেন তিনি। অন্যদিকে নবীন বোলার আব্দুল গাফফার সাকলাইন আস্থার প্রতিদান দিচ্ছেন। শেষ ম্যাচে তার একাদশে থাকা নিয়ে শঙ্কা নেই।অন্যদিকে জয়ের ছন্দ ধরে রাখতেই মাঠে নামবে অস্ট্রেলিয়া। মিচেল মার্শের নেতৃত্বাধীন তাদের তারুণ্যদীপ্ত দলটির হয়ে সবচেয়ে বেশি নজর কাড়ছেন কুপার কনোলি। ম্যাট রেনশও দলের জয়ে অবদান রাখছেন। সিরিজের শেষ ম্যাচটিও জয়ে রাঙিয়ে দিতে চাইবেন তারা। অস্ট্রেলিয়ার ৩-০ নাকি বাংলাদেশের জয়ে ফেরা—সেটিই দেখার অপেক্ষা।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/173254