বগুড়ায় ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে জালিয়াতি ও টাকা আত্মসাতের অভিযোগ
স্টাফ রিপোর্টার : লাওসে বৈধ ভিসায় পাঠানোর নামে লাখ লাখ টাকা আত্মসাৎ, জালিয়াতি এবং পরবর্তীতে গণমাধ্যমে মিথ্যা চাঁদাবাজির অপবাদ দেওয়ার অভিযোগে ‘জে কে এয়ার ট্রাভেলস’ নামে একটি এজেন্সির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন এক যুবক। বগুড়া শহরের সূত্রাপুরস্থ গোহাইল রোডের বাসিন্দা মোঃ আবু নাঈম শেখ ওই সংবাদ সম্মেলনে এই প্রতারণার তথ্য তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে আবু নাঈম জানান, লাওসে বৈধ ভিসায় পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে জে কে এয়ার ট্রাভেলসের সাথে তার ৫ লাখ টাকার চুক্তি হয়। চুক্তি অনুযায়ী গত ৪ জুন তাকে বৈধ উপায়ের পরিবর্তে সম্পূর্ণ বেআইনিভাবে ‘এয়ারপোর্ট কন্ট্রাক্ট’-এর মাধ্যমে বিদেশে পাঠানোর চেষ্টা করে চক্রটি। এতে তিনি রাজি না হওয়ায় ঢাকার অফিসে তার টাকা ও পাসপোর্ট আটকে রেখে তালবাহানা শুরু করা হয়।
নিরুপায় হয়ে তিনি জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ কল করলে পুলিশের তাৎক্ষণিক হস্তক্ষেপে ১ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করা সম্ভব হয়। আবু নাঈম আরও অভিযোগ করেন, বাকি টাকা ও পাসপোর্ট ফেরত চাইতে গেলে এজেন্সির সান্তাহার শাখার প্রধান এস এম লুৎফর রহমান তা দিতে অস্বীকার করেন। উল্টো জালিয়াতির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পাওয়ায় আবু নাঈমের পরিবারকে প্রতিনিয়ত ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে।
প্রতারণা আড়াল করতে গত ১৩ জুন ট্রাভেলস কর্তৃপক্ষ উল্টো আবু নাঈম ও তার স্ত্রীর বিরুদ্ধে দৈনিক বরেন্দ্রকণ্ঠ পত্রিকাসহ বিভিন্ন মাধ্যমে ৫০ লাখ টাকার মিথ্যা চাঁদাবাজির বানোয়াট অভিযোগ এনে সংবাদ প্রকাশ করে। এই সাজানো অপবাদের তীব্র প্রতিবাদ জানিয়ে এবং অবশিষ্ট টাকা ও পাসপোর্ট উদ্ধারের দাবিতে আবু নাঈম শেখ ইতিমধ্যে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি এই চক্রের মূল হোতাদের চিহ্নিত করে প্রশাসনের কাছে সঠিক তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/172733