উত্তরঞ্চলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

উত্তরঞ্চলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

করতোয়া ডেস্ক: পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলাসহ উপজেলাগুলোতে সরকার ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৩ জুন) এ কর্মসূচির আওতায় সরকারি বিভিন্ন জায়গাসহ বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন জাতের গাছ রোপণসহ বিতরণ করা হয়। প্রতিনিধিদের পাঠানো এ সংক্রান্ত আরও খবর.........

রংপুর: রংপর জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বিভাগীয় সদর দপ্তরের ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে। একই কর্মসূচির আওতায় রংপুর সিটি কর্পোরেশনের পক্ষে নগরীর উত্তম বটতলা বাজারে বৃক্ষরোপণের উদ্বোধন করেন রসিক প্রশাসক এড. মাহফুজ উন নবী ডন।  এর আগে, সংক্ষিপ্ত আলোচনায় জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, রংপুর সদর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল, ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার ও স্থানীয় সরকারের বিভাগীয় পরিচালক আবু জাফর, রংপুর জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঢাকার ফিল্ড সার্ভিস ডিরেক্টর ওবায়দুর রহমান মন্ডল, বিভাগীয় বন কর্মকর্তা নুরুল ইসলাম। পরে বিভাগীয় সদর দপ্তরের ক্যাম্পাসে ফলদ, বনজ ও ঔষধি জাতের বৃক্ষ রোপণ করা হয়।

কুড়িগ্রাম: কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের দাসেরহাট ছড়া থেকে এসিল্যান্ড আরাজী-পলাশবাড়ী সংযোগ খালবাঁধের উভয়পাশে বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। এছাড়াও কুড়িগ্রাম জেলা পরিষদের অর্থায়নে জেলা পরিষদ ডাকবাংলো চত্বর, রিভার ভিউ উচ্চ বিদ্যালয় এবং পুরাতন বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে এক হাজার বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি (পিপিএম), জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ফিরুজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. জাকির হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, ভারপ্রাপ্ত বন কর্মকর্তা সাদিকুর রহমান, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সফি খান প্রমুখ।

নাটোর: নাটোর সদর উপজেলার ছাতনী ইউনিয়নের ভাদুড়ী খালের পাড়ে ৫শ’ টি চারা রোপণের মাধ্যমে জেলায় এই কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করা হয়। এদিন জেলার ৭টি উপজেলায় একযোগে ৫ হাজার গাছ লাগানো হয়। আগামী ৩০ জুনের মধ্যে নাটোর জেলায় প্রায় ২০ হাজার বৃক্ষরোপণের কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানা যায়। এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক আসমা শাহীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল হায়াত, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ হাবিবুল ইসলাম খান, নাটোর সদর উপজেলা নির্বাহী অফিসার আজাহার আলী প্রমুখ।

কিশোরগঞ্জ (নীলফামারী): উপজেলার ছাদুরারপুল এলাকায় রাস্তার দু’ধারে কৃষ্ণচূড়া, জাড়ুল, সোনালু গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আব্দুল মুনতাকিম ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বিলকিস ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান, অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান প্রমুখ।

ডিমলা (নীলফামারী): ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজ মাঠে গাছের চারা রোপণের মধ্যদিয়ে কর্মসূচির উদ্বোধন করেন ডিমলা উপজেলা নির্বাহী অফিসার মো. ইমরানুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মো. রওশন কবির, জেলা বিএনপির উপদেষ্টা রইসুল আলম চৌধুরী, বিএনপি নেতা গোলাম রব্বানী প্রধান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আ.ন.ম. শিবলী সাদিক প্রমুখ।

হরিপুর (ঠাকুরগাঁও): ঠাকুরগাঁওয়ের হরিপুরে উপজেলা প্রশাসন, এলজিইডি, বন বিভাগের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার চন্দন কর। উপজেলা পরিষদ চত্বরে আমাই দিঘীরপারে উদ্বোধন শেষে পরিষদ চত্বর ও কান্ধাল বিওপির তিন রাস্তার মেড়ে ফলদ, বনজ ও ঔষধি বৃক্ষরোপণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, কৃষি অফিসার তৌহিদ-ই-খুদা, হরিপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাকিম আজাদ প্রমুখ।

নবাবগঞ্জ (দিনাজপুর): নবাবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে নবাবগঞ্জ সরকারি পাইলট হাইস্কুল মাঠে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার বিধান কান্তি হালদার। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার জাহিদুল ইসলাম ইলিয়াস, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা প্রমুখ।

মিঠাপুকুর (রংপুর): রংপুরের মিঠাপুকুরে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় শিক্ষা প্রতিষ্ঠানে ২৫শ’ চারা বিতরণ করা হয়। এ কর্মসূচির উদ্বোধন করেন সংসদ সদস্য গোলাম রব্বানী। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. পারভেজ, উপজেলা বিএনপির সভাপতি গোলাম রব্বানী, জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল মাওলানা এনামুল হক প্রমুখ।ৎ

তারাগঞ্জ (রংপুর): কর্মসূচির আওতায় রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা, ইকরচালি, আলমপুর ও হাড়িয়ারকুঠি ইউনিয়ন পরিষদের চত্বরসহ বিভিন্নস্থানে বৃক্ষরোপণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন হাড়িয়ারকুঠি ইউনিয়নের চেয়ারম্যান কুমারেশ রায়, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাবুল হোসেন, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা অনিমেশ রায় প্রমুখ।

রাজারহাট (কুড়িগ্রাম): কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের কিশামত নাখেন্দা এলাকায় খালেরপাড়ে বৃক্ষরোপণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মিজ্ তানজিলা তাসনিম। এছাড়াও, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কার্যালয়ের সামনে বৃক্ষরোপণ করেন তিনি।

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ): উপজেলার রহনপুর পৌর এলাকার পিড়াশন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় জাতীয় সংসদ সদস্য ড. মিজানুর রহমান। উপজেলা প্রশাসন ও রহনপুর পৌরসভা আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি। বক্তব্য রাখেন, সহকারী কমিশনার(ভূমি) উম্মে সালমা রুমা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইসাহাক আলী, রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আতিকুর রহমান প্রমুখ।

মহাদেবপুর (নওগাঁ): নওগাঁর মহাদেবপুরে পরিবেশবাদী সংগঠন নিরাপদ নওগাঁর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। উপজেলার ভীমপুর আদিবামী পল্লীতে শহীদ আলফ্রেড সরেনের সমাধীর পাশে নিম ও জাম গাছের চারা রোপণ করার মধ্যদিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনের চেয়ারম্যান এম. সাখাওয়াত হোসেন। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বাংলাদেশ আদিবাসী ইউনিয়নের কেন্দ্রীয় সভানেত্রী ও শহীদ আলফ্রেড সরেনের বোন রেবেকা সরেন, সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আলহাজ মো. সাজ্জাদ হোসেন প্রমুখ।

সিংড়া (নাটোর): উপজেলা প্রশাসনের আয়োজনে ও বন বিভাগের সহযোগিতায় সিংড়া দমদমা পাইলট স্কুল এন্ড কলেজ চত্বরে বৃক্ষ রোপণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রিফাত, উপজেলা বিএনপির সদস্য সচিব শারফুল ইসলাম বুলবুল, ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেন প্রমুখ।

ঈশ্বরদী (পাবনা): ঈশ্বরদী উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়। পৌর যুবদলের আহবায়ক জাকির হোসেন জুয়েলের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, বিএনপি নেতা ইসলাম হোসেন জুয়েল, আক্কাস আলী খাঁন, ঈশ্বরদী পৌরসভার সাবেক প্যানেল মেয়র মো. আনোয়ার হোসেন জনি, ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির সভাপতি মো. নান্নু রহমান প্রমুখ।

লালপুর (নাটোর): লালপুর উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার বরকত উল্লাহ। 
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবীর হোসেন, উপজেলা প্রকৌশলী আওলাদ হোসেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী নাঈম মোহম্মাদ হাসান। 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/172505