সিরাজগঞ্জের রায়গঞ্জে গ্রামপাঙ্গাসী-বৈকুণ্ঠপুর সড়কের বেহাল দশা

সিরাজগঞ্জের রায়গঞ্জে গ্রামপাঙ্গাসী-বৈকুণ্ঠপুর সড়কের বেহাল দশা

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার গ্রামপাঙ্গাসী-বৈকুন্ঠপুর সড়কের বেহাল অবস্থায় হওয়ায় দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগে রয়েছেন এলাকাবাসী। গুরুত্বপূর্ণ এই সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত, ভাঙন ও খানাখন্দের সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ফলে প্রতিদিন ভোগান্তির শিকার হচ্ছেন শিক্ষক শিক্ষার্থী, কৃষক, চাকরিজীবী ও সাধারণ যাত্রীরা।

সরেজমিনে দেখা যায়, সড়কের একাধিক স্থানে পিচ উঠে গিয়ে গভীর গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই এসব গর্তে পানি জমে থাকায় সড়কটি দিয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। বিশেষ করে মোটরসাইকেল, অটোরিকশা ও ভ্যানচালকদের দুর্ঘটনার ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। অনেক ক্ষেত্রে যানবাহন বিকল হওয়া এবং দুর্ঘটনার ঘটনাও ঘটছে বলে জানিয়েছেন এলাকাবাসী।

স্থানীয় বাসিন্দারা জানান, উপজেলার পাঙ্গাসী ও বৈকুণ্ঠপুর এলাকার মানুষের যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম এই সড়ক। প্রতিদিন শত শত মানুষ এই পথ ব্যবহার করলেও দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সড়কটির অবস্থা দিন দিন আরও খারাপ হচ্ছে। এতে একদিকে যাতায়াতে সময় বেশি লাগছে, অন্যদিকে পরিবহন ব্যয়ও বেড়ে যাচ্ছে।

এলাকাবাসীর অভিযোগ, বছরের পর বছর ধরে সড়কটির সংস্কারের দাবি জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ দৃশ্যমান হয়নি। তারা আশঙ্কা করছেন, দ্রুত সংস্কার না হলে আসন্ন বর্ষা মৌসুমে সড়কটির অবস্থা আরও ভয়াবহ হয়ে উঠবে এবং যোগাযোগ ব্যবস্থা প্রায় বিচ্ছিন্ন হওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে।

এ বিষয়ে রায়গঞ্জ উপজেলা প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, উপজেলার গ্রাম পাঙ্গাসী বৈকুণ্ঠপুর সড়কের বেহাল অবস্থার বিষয়টি আমাদের নজরে রয়েছে। সড়কটি সংস্কারের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/172386