অস্ট্রেলিয়াকে হারিয়ে ওয়ানডেতে ইতিহাস গড়লো বাংলাদেশ

অস্ট্রেলিয়াকে হারিয়ে ওয়ানডেতে ইতিহাস গড়লো বাংলাদেশ

স্পোর্টস ডেস্কঃ অবশেষে অপেক্ষার অবসান। বিশ্ব ক্রিকেটের অন্যতম পরাশক্তি অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ের ইতিহাস গড়েছে বাংলাদেশ। টানা দুই ম্যাচে জয় তুলে নিয়ে এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচের সিরিজ নিজেদের করে নিয়েছে মেহেদি হাসান মিরাজের নেতৃত্বাধীন টাইগাররা।

বৃহস্পতিবার (১১ জুন) ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৫ উইকেটের দাপুটে জয় পায় বাংলাদেশ। এর আগে প্রথম ম্যাচে ৮৬ রানের বড় ব্যবধানে জয় পেয়েছিলো স্বাগতিকরা। ফলে দুই ম্যাচ শেষে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ।

ওয়ানডে ক্রিকেটে ছয়বারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে এটি বাংলাদেশের প্রথম দ্বিপাক্ষিক সিরিজ জয়। একই সঙ্গে ২১ বছর আগে কার্ডিফে অস্ট্রেলিয়াকে হারানোর পর দীর্ঘদিনের প্রতীক্ষার আরেকটি অধ্যায়ের সফল সমাপ্তি ঘটালো টাইগাররা।

 

বৃষ্টি-বিঘ্নিত ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে নির্ধারিত ৪২ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৮৭ রান সংগ্রহ করে সফরকারীরা।

অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৫৫ রান করেন মার্নাস লাবুশেন। ৮৫ বল মোকাবিলা করে তিনটি চারের সাহায্যে অপরাজিত থাকেন তিনি। অন্যদিকে জেভিয়ার বার্টলেট ৪৮ বলে চারটি চার ও দুটি ছক্কার সাহায্যে ৫২ রানের ঝড়ো ইনিংস খেলেন। শেষদিকে তাদের জুটিতেই সম্মানজনক সংগ্রহ পায় অস্ট্রেলিয়া।

বাংলাদেশের বোলিং আক্রমণে সবচেয়ে সফল ছিলেন তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান। দুজনই তিনটি করে উইকেট শিকার করেন। এছাড়া স্পিনার তানভির ইসলাম নেন দুটি গুরুত্বপূর্ণ উইকেট।

বৃষ্টির কারণে বাংলাদেশের লক্ষ্য নির্ধারিত হয় ৪১ ওভারে ১৯২ রান। তবে শুরুটা ছিলো হতাশাজনক। ইনিংসের দ্বিতীয় বলেই শূন্য রানে ফিরে যান ওপেনার তানজিদ হাসান তামিম।

প্রথম ধাক্কা সামলে দলের হাল ধরেন সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয় উইকেটে দুজন মিলে ৯৩ বলে ৮৬ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে এনে দেন।

দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরে সৌম্য সরকার দুর্দান্ত ব্যাটিং করেন। ৪৭ বলে পাঁচটি চার ও দুটি ছক্কার সাহায্যে ৪২ রান করে দলীয় ৮৬ রানে আউট হন তিনি। এরপর কিছুক্ষণ পর বিদায় নেন নাজমুল হোসেন শান্তও। ৫৩ বলে পাঁচটি চারের সাহায্যে ৪২ রান করে তিনি ফিরে গেলে স্কোরবোর্ডে বাংলাদেশের রান ছিল ৯৮।

এরপর লিটন কুমার দাস ১৮ বলে ২১ রান করে আউট হন। আগের ম্যাচের নায়ক মোসাদ্দেক হোসেন সৈকতও বেশিক্ষণ টিকতে পারেননি। তিনি ১৪ বলে ১৫ রান করে সাজঘরে ফেরেন।

তবে শেষদিকে দায়িত্বশীল ব্যাটিংয়ে দলের জয় নিশ্চিত করেন তাওহীদ হৃদয় ও অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। হৃদয় ৪০ এবং মিরাজ ২২ রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। ৩৬ বল হাতে রেখেই ৫ উইকেটের জয় তুলে নেয় বাংলাদেশ।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/172245