গাজীপুরে বাস উল্টে ২৪ শিক্ষার্থী আহত

গাজীপুরে বাস উল্টে ২৪ শিক্ষার্থী আহত

গাজীপুরে উত্তরা ইউনিভার্সিটির একটি বাস উল্টে ২৩ শিক্ষার্থী ও চালকসহ মোট ২৪ জন আহত হয়েছেন। বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে রাজেন্দ্রপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয়ের ট্রান্সপোর্ট ম্যানেজার হুমায়ুন কবির জানান, প্রায় ৩০ শিক্ষার্থী নিয়ে বাসটি ক্যাম্পাস থেকে মাওনা চৌরাস্তায় যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। পরে আহতদের উদ্ধার করে মাওনা চৌরাস্তার আল-হেরা হাসপাতালে নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক তৌসিক সরকার বলেন, আহতদের বেশিরভাগই বাসের জানালার কাঁচে কেটে গেছেন বা বাসের ভেতরে চাপা পড়ে আঘাত পেয়েছেন। তবে কারও অবস্থা গুরুতর নয়।

আহতদের মধ্যে বাসচালক ও শিক্ষার্থী তৃণাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের চিকিৎসা সহায়তা দিচ্ছে।

গাজীপুর মহানগর পুলিশের কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, দুর্ঘটনার পর বাসটি সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। ঘটনার কারণ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/172149