এক কোটি কর্মসংস্থানের নতুন শ্রমবাজার খুঁজছে সরকার : নুরুল হক নুর

এক কোটি কর্মসংস্থানের নতুন শ্রমবাজার খুঁজছে সরকার : নুরুল হক নুর

নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী এক কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশি কর্মীদের চাহিদা যাচাই এবং নতুন শ্রমবাজার অনুসন্ধানের কাজ চলছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

বুধবার জাতীয় সংসদে তিনি বলেন, বৈদেশিক কর্মসংস্থান খাত সম্প্রসারণ ও নতুন শ্রমবাজার তৈরির জন্য সরকার ব্যাপক কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি গড়ে তুলতেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি জানান, দেশের ১৪টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এবং ৬টি মেরিন টেকনোলজি ইনস্টিটিউটে ৫৫টি ট্রেডের ১৩০টি পেশায় প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পাশাপাশি ৯টি বিদেশি ভাষা শেখানোর ব্যবস্থাও রয়েছে। এছাড়া ৫০টি উপজেলায় নতুন কারিগরি শিক্ষা কেন্দ্র স্থাপনের কাজ চলছে।

প্রতিমন্ত্রী বলেন, দেশ-বিদেশে কর্মসংস্থানের জন্য এক লাখ দক্ষ চালক তৈরির প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। নিয়োগকর্তা ও কর্মীদের সরাসরি সংযোগের জন্য চালু করা হয়েছে ‘ওভারসিজ এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম’।

তিনি আরও জানান, সৌদি আরবের তাকামুলের সঙ্গে চুক্তির আওতায় ৩০টি প্রতিষ্ঠানে ৭৯টি পেশায় দক্ষতা পরীক্ষা চলছে। ভাষা প্রশিক্ষণ গ্রহণকারীদের জন্য সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ এবং সাধারণ প্রবাসীদের জন্য ৮ শতাংশ সুদে জামানতবিহীন ঋণের সুবিধাও রয়েছে।

নুরুল হক নুর বলেন, ওমান, মালয়েশিয়া ও বাহরাইনসহ বিভিন্ন দেশের শ্রমবাজার পুনরায় চালু ও সম্প্রসারণে কাজ করছে সরকার। সম্ভাবনাময় ২৮টি শ্রমবাজারের মধ্যে ১৮টি দেশের সঙ্গে ইতোমধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। দক্ষিণ কোরিয়া, জাপান, ওমান ও থাইল্যান্ডের সঙ্গে নতুন চুক্তির প্রক্রিয়াও চলমান।

এছাড়া কাতার কারিগরি খাতে, বিশেষ করে ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, শীতাতপ নিয়ন্ত্রণ প্রযুক্তিবিদ ও ওয়েল্ডারদের জন্য নতুন কর্মসংস্থানের আগ্রহ দেখিয়েছে। ইউরোপের সার্বিয়া, উত্তর মেসিডোনিয়া, রোমানিয়া ও গ্রিসেও বাংলাদেশি কর্মীদের চাহিদা রয়েছে বলে জানান তিনি।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/172148