ইউআইএইচপি ন্যাশনাল ইনোভেশন চ্যালেঞ্জ-এ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাফল্য
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ক্যাম্পাসে অনুষ্ঠিত ইউআইএইচপি ন্যাশনাল ইনোভেশন চ্যালেঞ্জ ২০২৬- এর প্রথম পর্বে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়| জাতীয় পর্যায়ের এ উদ্ভাবনভিত্তিক প্রতিযোগিতায় অংশ নিয়ে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা চারটি ক্যাটাগরির মধ্যে তিনটিতে পুরস্কার লাভ করে|
বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ (বিএইচটিপিএ)-এর আওতায় ইউনিভার্সিটি ইনোভেশন হাব প্রোগ্রাম (ইউআইএইচপি) আয়োজিত এ প্রতিযোগিতা গত ৯ জুন রুয়েট ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়| রাজশাহী অঞ্চলের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের ২৪টি দলের মধ্যে ইউআইএইচপি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়- এর ১৫টি দল অংশগ্রহণ করে|
প্রতিযোগিতায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের টিম এইচজিটি অর্জন করে বেস্ট ইনোভেশন এওয়ার্ড, টিম টেকনোফ্লো অর্জন করে বেস্ট পিচ এওয়ার্ড এবং টিম এগ্রিলুমিনেট অর্জন করে বেস্ট প্রোটোটাইপ এওয়ার্ড| মোট পাঁচটি পুরস্কারের মধ্যে তিনটিই অর্জন করে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের দলগুলো|
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুয়েটের ইন্সটিটিউট অব ইনফরমেশন এন্ড কম্যুনিকেশন টেকনোলজি (আইআইসিটি)- এর পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম| বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্প ব্যবস্থাপনা বিশেষজ্ঞ মোহাম্মদ সিদ্দীকুর রহমান, ইউআইএইচপি রুয়েটের ফোকাল পয়েন্ট মো. আবু ইসমাঈল সিদ্দিকী এবং ইউআইএইচপি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়-এর ফোকাল পয়েন্ট ফরিদুজ্জামান খান|
এছাড়াও উপস্থিত ছিলেন ডিইআইইডি প্রোজেক্ট-এর ট্রেনিং এন্ড ম্যানেজমেন্ট স্পেশালিস্ট রাকিবুল ইসলাম, সোশ্যাল স্পেশালিস্ট খালেদা ইসলাম এবং মালয়েশিয়া থেকে আগত ইউআইএইচপি- এর প্রোজেক্ট ম্যানেজার ও এক্সপার্ট টিম-এর সদস্য আহমেদ জাকির জাফর|
উল্লেখ্য, পুরস্কারপ্রাপ্ত দলগুলো পূর্বে ইউআইএইচপি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়- এর মাধ্যমে প্রি-সীড ফান্ড প্রাপ্ত উদ্ভাবনী দল হিসেবে নির্বাচিত হয়েছিল| প্রতিযোগিতার পরবর্তী ধাপে সারা দেশ থেকে নির্বাচিত ১০০টি দলকে তাদের উদ্ভাবনী উদ্যোগ বাস্তবায়নের জন্য ১ লক্ষ টাকা করে সীড গ্র্যান্ট প্রদান করা হবে|
বরেন্দ্র বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ সাফল্যে সংশ্লিষ্ট শিক্ষার্থী ও ইউআইএইচপি- এর সঙ্গে সম্পৃক্ত সকলকে অভিনন্দন জানিয়েছে| বিশ্ববিদ্যালয়ের মতে, এ অর্জন শিক্ষার্থীদের গবেষণা, উদ্ভাবন এবং উদ্যোক্তা উন্নয়নে আরও উৎসাহিত করবে|