নারায়ণগঞ্জ বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

নারায়ণগঞ্জ বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

নারায়ণগঞ্জের বন্দরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গুরুতর আহত মো. জোবায়ের (১৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

আজ রোববার (৭ জুন) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।নিহত জোবায়ের পাবনা সদর উপজেলার রাজাপুর এলাকার মো. জাহাঙ্গীরের ছেলে। তিনি বর্তমানে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার এনায়েতনগর এলাকায় ভাড়া বাসায় থেকে একটি স্থানীয় প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

জানা যায়, গত ৩ জুন রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে এনায়েতনগর ভাঙা ব্রিজের উত্তর পাশের ঢালে তিন ছিনতাইকারী তার পথরোধ করে। এ সময় জোবায়ের বাধা দিলে ছিনতাইকারীরা তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে গুরুতর জখম করে।

পরে তার সঙ্গে থাকা মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় জোবায়েরকে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যা হাসপাতালে ভর্তি করেন।
অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোর সাড়ে ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

এ বিষয়ে বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন বলেন, ঘটনার পর থেকেই জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। অপরাধীদের আইনের আওতায় আনা হবে। ছিনতাইকৃত মালামাল উদ্ধার এবং জড়িতদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/171613