পাবনার চাটমোহরে মাদক কারবারি আটক তল্লাশির সময় ঘরবাড়ি তছনছ

পাবনার চাটমোহরে মাদক কারবারি আটক তল্লাশির সময় ঘরবাড়ি তছনছ

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহরে অভিযান চালিয়ে ৬ জন মাদক বিক্রেতা ও মাদকসেবীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। একজন মাদক বিক্রেতাকে আটকের সময় তার বাড়িতে তল্লাশির নামে ঘর ভাঙচুর, আসবাবপত্র তছনছ এবং ৩ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সস্যেদের বিরুদ্ধে। তবে অভিযোগ অস্বীকার করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার সকালে চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের অমৃতকুন্ডা গ্রামে অভিযান চালিয়ে চিহ্নিত মাদক বিক্রেতা ফজলুর রহমান ওরফে ঘোড়া ফজলুসহ ৬ মাদক বিক্রেতা ও সেবীকে আটক করে অধিদপ্তরের সদস্যরা। ফজলুর বাড়ি থেকে ২শ’ গ্রাম গাঁজা ও ১ লাখ ৩২ হাজার ৯৬০ টাকা জব্দ করা হয়।

পরে চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরীর আদালতে মাদকসেবীদের হাজির করলে প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। আর মাদক বিক্রেতা ঘোড়া ফজলুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চাটমোহর থানায় একটি মামলা দায়ের করা হয়। পরে তাদের পাবনা জেলহাজতে প্রেরণ করা হয়।

আটককৃতরা হলো, উপজেলার অমৃতকুন্ডা গ্রামের ফজলুর রহমান ওরফে ঘোড়া ফজলু (৫০), তার ছেলে রাসেল (২৫), একই এলাকার মৃত কোরবান আলীর ছেলে আনোয়ার হোসেন (৭২), বালুদিয়ার সাহাপুর গ্রামের মৃত আলী আশরাফ আলীর ছেলে জাকির খন্দকার (৪৩), কুবিরদিয়ার গ্রামের মৃত ফরিদ উদ্দিনের ছেলে মানিক হোসেন (৪০) ও সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার চাঁদপুর গ্রামের মৃত নুর ইসলামের ছেলে লিটন (৫৩)।

এদিকে, আটক মাদক বিক্রেতা ঘোড়া ফজলুর স্ত্রী শামসুন্নাহার সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, আফগারির লোকজন বাড়িতে এসে তল্লাশির নামে ঘরের সবকিছু ভাঙচুর আর তছনছ করেছে। ঘরে ছিল আড়াই লাখ টাকা, আর স্বামীর পকেটে ছিল ৪০ হাজার। সবমিলিয়ে ৩ লাখ টাকা নিয়ে গেছে।

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনার পরিদর্শক আব্দুর রহিম অভিযোগ অস্বীকার করে বলেন, এলাকার সবারই অভিযোগ ফজলু মাদক কারবারি। অভিযান চালিয়ে তাকে হাতেনাতে ধরা হয়েছে। ঘরবাড়ি ভাঙচুর করা হয়নি। সকলের সামনে ১ লাখ ৩২ হাজার ৯৬০ টাকা গুণে জব্দ করা হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/171432