নওগাঁয় ডিসি-এসপি পরিচয়ে চাঁদাবাজি ডিবির জালে ধরা প্রতারক নাইম
নওগাঁ প্রতিনিধি : ডিসি ও এসপি পরিচয় দিয়ে চাঁদাবাজি করার অভিযোগে নাইম হোসেন (২৮) নামে এক আঞ্চলিক প্রতারককে গ্রেফতার করেছে নওগাঁর ডিবি পুলিশ। এসময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ৪টি মোবাইল ফোন ও ৩৮টি সিমকার্ড উদ্ধার করা হয়েছে।
আজ বুধবার (৩ জুন) বিকেলে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এ তথ্য জানান। এর আগে গতকাল মঙ্গলবার রাতে নওগাঁর পার্শ্ববর্তী বগুড়া জেলার সান্তাহার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার নাইম হোসেন আদমদীঘি উপজেলার নামা পোওতা এলাকার বাবুর ছেলে।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, গত ২৫ মে অজ্ঞাতনামা এক ব্যক্তি নিজেকে সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে একজন হোমিও ওষুধ ব্যবসায়ীর কাছে মোবাইল ও হোয়াটস্ অ্যাপের মাধ্যমে ফোন দিয়ে বলে যে ‘আপনার ওষুধ সেবন করে এক শিশু মারা গেছে। কাজেই ৫ লাখ টাকা না দিলে আপনার নামে এখন মামলা হবে।
এরপর ওই ওষুধ দোকানি মামলা মোকর্দ্দমার ভয়ে অজ্ঞাতনামা ব্যক্তির নগদ নাম্বারে বিশ হাজার তিনশ’ টাকা পাঠিয়ে দেন। এরপর গত ৩০মে অজ্ঞাতনামা ব্যক্তি নিজেকে সিআইডির এসপি জাহিদ পরিচয় দিয়ে একই পদ্ধতির মাধ্যমে অপর এক বিকাশ ও নগদ ব্যবসায়ীকে বলে ‘আপনার দোকান থেকে অনলাইন জুয়ার লেনদেন করা হয়’। কাজেই ৪০ হাজার টাকা দিতে হবে। টাকা না দিলে আপনার নামে মামলা হবে।
এসপি তারিকুল ইসলাম আরো বলেন, এই ধরনের প্রতারণার অভিযোগ পাওয়ার পর জেলা গোয়েন্দা শাখা এবং আইসিটি শাখা দ্রুত ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেন। তথ্য প্রযুক্তি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে ডিবি পুলিশের একটি চৌকস টিম গতকাল মঙ্গলবার রাতে সান্তাহার থেকে প্রতারক নাইম হোসেনকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ৪টি মোবাইল ফোন ও বিভিন্ন কোম্পানির মোট ৩৮টি সিমকার্ড জব্দ করা হয়।
এসপি আরও বলেন, তাকে জিজ্ঞাসাবাদে জানা যায় সে বেশ কিছুদিন যাবৎ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা বিশেষ করে নিজেকে পুলিশ সুপার কখনও ওসি অথবা কখনও ডিসির আবার কখনও বড় রাজনৈতিক নেতার পরিচয় দিয়ে সাধারণ মানুষের সাথে প্রতারণা করতো। সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ তার দ্বারা প্রতারণার শিকার হয়েছে।
এভাবেই সে বেশ কিছুদিন যাবৎ প্রতারণার ব্যবসা চালিয়ে যাচ্ছে। পুলিশ এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা-ডিসি ও এসপি পরিচয়দানকারী এই নাইম হোসেন একজন বিশিষ্ট আঞ্চলিক প্রতারক। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
নওগাঁবাসীর উদ্দেশ্যে পুলিশ সুপার বলেন, পুলিশ পরিচয় দিয়ে কেউ টাকা দাবি করলে তাকে আটক করে পুলিশে সংবাদ দেবেন। কোনোভাবেই ধোঁকাবাজদের দ্বারা চাঁদাবাজির শিকার হবেন না এবং এ ধরণের প্রতারককে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/171225