তেল ছাড়া গরুর মাংস রান্না 

তেল ছাড়া গরুর মাংস রান্না 

লাইফস্টাইল ডেস্ক :চাইলে এবার রান্না করতে পারেন তেল ছাড়া গরুর মাংস রান্না। এই পদ্ধতিতে মাংস হয় হালকা ও স্বাস্থ্যকর। এটি বাড়িতে রান্না করলে স্বাদের দিক থেকেও একেবারেই আলাদা অভিজ্ঞতা দেবে।

আসুন জেনে তেল ছাড়া গরুর মাংস যেভাবে রান্না করবেন-

উপকরণ
গরুর মাংস ১ কেজি
পেঁয়াজ কুচি ২ কাপ
আদা বাটা আধা টেবিল চামচ
রসুন বাটা ১ টেবিল চামচ
জিরা ও ধনে গুঁড়া দেড় টেবিল চামচ করে
হলুদ ও মরিচ গুঁড়া ১ টেবিল চামচ করে
গরম মসলা গুঁড়া ১ চা চামচ
তেজপাতা, দারুচিনি ও এলাচ পরিমাণমতো
ফেটানো টক দই ২ টেবিল চামচ
কাঁচা পেঁপে বাটা ২ টেবিল চামচ

লবণ স্বাদমতো

প্রস্তুত প্রণালি
মাংস খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিন। একটি বড় পাত্রে মাংস, পেঁয়াজ কুচি, টক দই এবং সব বাটা ও গুঁড়া মসলা একসঙ্গে দিয়ে ভালোভাবে মেখে নিন। মাংস নরম করার জন্য এতে কাঁচা পেঁপে বাটা মিশিয়ে অন্তত ৩০ মিনিট মেরিনেট করে রাখুন। এই ধাপেই মাংস ভেতর থেকে নরম ও সুস্বাদু হয়ে উঠতে শুরু করবে।

মেরিনেট করা মাংস এবার হাঁড়িতে নিয়ে চুলায় বসান। এখানে কোনো তেল ব্যবহার করার প্রয়োজন নেই। মাঝারি আঁচে ঢাকনা দিয়ে রান্না করুন। মাংস থেকে নিজস্ব পানি বের হবে, সেই পানি ধীরে ধীরে মসলা কষাতে থাকুন। যখন মাংস কষে গিয়ে পানি শুকিয়ে আসবে, তখন সামান্য গরম পানি যোগ করুন। আবার ঢাকনা দিয়ে মাঝারি থেকে কম আঁচে দমে রাখুন। এভাবে ধীরে ধীরে রান্না করলে মাংস একেবারে নরম হবে। যখনই মাংস পুরোপুরি সেদ্ধ হয়ে ঝোল ঘন ও মাখা মাখা হয়ে এলে ওপর থেকে গরম মসলা গুঁড়া ছড়িয়ে চুলা থেকে নামিয়ে পরিবেশন করুন।

টিপস
হাড়সহ মাংস (বিশেষ করে পা বা রানের অংশ) নিলে ঝোল বেশি সুস্বাদু হয় এবং নরমও হয়।
চুলার দম ঠিক রাখতে মাঝেমধ্যে ঢাকনা খুলবেন না। এতে মাংস দ্রুত নরম হয়।
তেল ছাড়া রান্নায় সময় একটু বেশি লাগে, কিন্তু কম আঁচে ধীরে রান্না করলে স্বাদ অনেক ভালো হয়।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/171187