সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল গ্রেফতার ৫

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল গ্রেফতার ৫

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে কামারখন্দ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রাকিব সরকারসহ ৫ জনকে গতকাল মঙ্গলবার রাত ১২টায় গ্রেফতার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃত অপর নেতারা হলেন- কামারখন্দ উপজেলা ছাত্রলীগের সদস্য রাজন সরকার, রুবেল রানা, উল্লাপাড়া উপজেলা ছাত্রলীগের সদস্য সৈকত ইসলাম ও সাহেব আলী।

উল্লাপাড়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) রূপু কর জানান, গতকাল মঙ্গলবার রাত ১২টা ১০ মিনিটে উল্লাপাড়া-মোহনপুর আঞ্চলিক সড়কে কয়ড়া বাজারের পাশে বেশকিছু সংখ্যক ছাত্রলীগ নেতাকর্মী ঝটিকা মিছিল বের করে। তারা আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন স্লোগান দেয়। এসময় ওই এলাকায় টহলরত পুলিশ মিছিলটিকে ধাওয়া দিলে নেতাকর্মীরা পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া করে উল্লিখিত ব্যক্তিদের পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়।

এ ব্যাপারে গতকাল মঙ্গলবার রাতেই উল্লাপাড়া মডেল থানায় সন্ত্রাস বিরোধী আইনে পুলিশ বাদি হয়ে একটি মামলা করেছে। এই মামলায় গ্রেফতারকৃত ৫জন ছাড়াও অজ্ঞাত আরও ৫০ জনকে আসামি করা হয়েছে। গ্রেফতারকৃতদের আজ বুধবার (৩ জুন) সিরাজগঞ্জ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/171184