টেকনাফে ৪ বছরের শিশু উদ্ধার, অপহরণকারী চক্রের ৩ সদস্য গ্রেফতার
কক্সবাজারের টেকনাফ মডেল থানাধীন সদর ইউনিয়ন এলাকায় ঝটিকা অভিযান পরিচালনা করে অপহরণের শিকার ৪ বছর বয়সী বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক (শিশু) ভিকটিমকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫)। এসময় অপহরণচেষ্টায় জড়িত সংঘবদ্ধ চক্রের ৩ সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন নতুন পল্লান পাড়ার (৪ নং ওয়ার্ড) শাহাব উদ্দিন (২৮), নাইটং পাড়া (২ নং ওয়ার্ড) কেফায়েত উল্লাহ্ (২৪), নতুন পল্লান পাড়া (৪ নং ওয়ার্ড) আব্দুর রজব মিয়া (৩৫)। এরা টেকনাফ থানার স্থায়ী বাসিন্দা।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক আ ম ফারুক জানিয়েছেন, র্যাব-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি নিয়মিত টহল দল টেকনাফ থানার শাপলা চত্বর মোড় এলাকায় ডিউটি করাকালীন সময়ে সংবাদ পায়, নতুন পল্লান পাড়া এলাকায় একটি শিশুকে অপহরণের চেষ্টা করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় স্থানীয় জনতা কর্তৃক অপহরণচেষ্টাকারী ৩ জনকে আটক করে মারধর করা হচ্ছে। র্যাব সদস্যরা উত্তেজিত জনতার হাত থেকে আসামিদের উদ্ধার করে নিজেদের হেফাজতে নেন। পরবর্তীতে উত্তেজিত জনতার মারধরে আহতদের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।
উপস্থিত স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে তিনি আরো জানান, মঙ্গলবার বিকালে টেকনাফ সদর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের পশ্চিম গোদারবিলের বাসিন্দা মো. জুবায়ের (৪০) এর বসত বাড়ির সামনের পাকা রাস্তার উপর থেকে তার ভাগিনা ওই শিশুকে একা পেয়ে আটকরা অপহরণের চেষ্টা করে।
আ ম ফারুক বলেন, উদ্ধারকৃত শিশুকে তার পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/171165