ক্যাম্পে আলাদা অনুশীলন করছেন মেসি!
স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসি যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনার বিশ্বকাপ প্রস্তুতি ক্যাম্পে দলের প্রথম অনুশীলন সেশনে সতীর্থদের সঙ্গে পুরোপুরি অনুশীলন না করে একা আলাদাভাবে ট্রেনিং করেছেন। বর্তমান বিশ্বকাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা সোমবার (১ জুন) মিসৌরি অঙ্গরাজ্যের কানসাস সিটিতে তাদের প্রথম প্রাক-টুর্নামেন্ট অনুশীলন শুরু করেছে।
ইন্টার মায়ামির অধিনায়ক মেসি গত ২৪ মে থেকে বাম হ্যামস্ট্রিংয়ে পেশির ক্লান্তিজনিত সমস্যায় ভুগছেন। ফিলাডেলফিয়ার বিপক্ষে এমএলএসের ম্যাচে অস্বস্তি নিয়ে মাঠ ছেড়ে যান তিনি। তবে ১৬ জুন কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার উদ্বোধনী ম্যাচে তার খেলার জন্য প্রস্তুত থাকার আশা করা হচ্ছে। ৩৮ বছর বয়সী মেসি আর্জেন্টিনা ক্যাম্পে যোগ দিয়ে মাঠে কিছু ‘নির্দিষ্ট অনুশীলন’ করেছেন। অন্য যে খেলোয়াড়রা ফিটনেস সমস্যায় আছেন তারাও এতে যোগ দেন।
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, ‘যেসব খেলোয়াড় ছোটখাটো ইনজুরি বা শারীরিক সমস্যায় ভুগছেন, তারা ফিজিওথেরাপি দলের সঙ্গে মাঠে নির্দিষ্ট অনুশীলন চালিয়ে যাচ্ছেন এবং ধীরে ধীরে ভালো অগ্রগতি করছেন।’
বিশ্ব র্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে থাকা আর্জেন্টিনা ৯ জুন আলাবামার অবার্নে আইসল্যান্ডের বিপক্ষে তাদের শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে। দুইবারের এমএলএস এমভিপি এবং আটবারের ব্যালন ডি’অর জয়ী মেসি তার রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপে অংশ নিচ্ছেন। ২০০৫ সালে জাতীয় দলে অভিষেকের পর থেকে তিনি আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ ১৯৮ ম্যাচ খেলে ১১৬ গোল করে দেশের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/171139