দিনাজপুরের বীরগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

দিনাজপুরের বীরগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জের ভোগডোমা শালবাগান থেকে মো: রাসেল রানা(২২)নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রাসেল রানা উপজেলার ভোগডোমা গ্রামের শহিদুল ইসলামের ছেলে। গতকাল সোমবার সকালে উপজেলার পাল্টাপুর ইউনিয়নের ভোগডোমা শালবাগান থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

জানা যায়, সকালে স্থানীয় কয়েকজন ব্যক্তি শালবাগানে লিচু সংগ্রহের সময় একটি গাছে ঝুলন্ত অবস্থায় রাসেল রানার মরদেহ দেখতে পান। এ  সময় তারা চিৎকার করলে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। পরে স্থানীয় ইউপি সদস্য বিষয়টি বীরগঞ্জ থানা পুলিশকে জানান। খবর পেয়ে বীরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাওন কুমার সরকার ও বীরগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন শেষে মরদেহ উদ্ধার করে।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুর রহমান জানান, মরদেহের মাথার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে এবং সেখান থেকে রক্তক্ষরণ হচ্ছিল। এছাড়া বাম পায়েও আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং নিহতের পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/171034