নরসিংদীতে ইজিবাইকচালক কিশোরের মরদেহ উদ্ধার

নরসিংদীতে ইজিবাইকচালক কিশোরের মরদেহ উদ্ধার

নরসিংদীর সদর উপজেলায় একটি পুকুরপাড় থেকে ফাহিম মিয়া (১৭) নামে এক ইজিবাইকচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার  (২ জুন) দুপুরে উপজেলার মধ্য-শিলমান্দী এলাকার জোড়া ঈদগাহ মাঠের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ফাহিম মধ্য-শিলমান্দী এলাকার বাসচালক রুহুল আমিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল (সোমবার, ১ জুন) বিকেলে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন ফাহিম। রাত আটটার দিকে বাবার সঙ্গে তার সর্বশেষ মুঠোফোনে কথা হয়। তখন ফাহিম জানিয়েছিলেন, কিছু লোক তার পিছু নিয়েছে। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। রাতে স্বজনেরা প্রতিবেশীদের নিয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও ফাহিমের সন্ধান পাননি।

আজ সকালে বাড়ির পাশের একটি পুকুরপাড়ে ফাহিমের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় ব্যক্তিরা। পরে থানায় খবর দেয়া হলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। ঘটনাস্থলের পাশেই ফাহিমের ইজিবাইকটি অক্ষত অবস্থায় পাওয়া গেলেও সেটির ভেতরে থাকা চারটি ব্যাটারি নিয়ে গেছে দুর্বৃত্তরা।

নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন জানান, সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুকুরপাড় থেকে মরদেহটি উদ্ধার করে। লাশটির মাথার অংশ পানিতে এবং পায়ের অংশ পাড়ে ছিল। প্রাথমিকভাবে নিহতের গলার পাশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা যাচ্ছে, ইজিবাইকের ব্যাটারি ছিনতাইয়ের উদ্দেশে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

ওসি আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরসহ পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/171018