রংপুরের বদরগঞ্জে বাবাকে নেশাগ্রস্ত ছেলের মারধর, ভ্রাম্যমাণ আদালতে তিন মাসের কারাদণ্ড
বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জে নেশাগ্রস্ত হয়ে বাবাকে মারধরের ঘটনায় ভ্রাম্যমাণ আদালত ছেলেকে তিন মাসের কারাদণ্ড দিয়েছে। দণ্ডপ্রাপ্ত ছেলের নাম শাকিল আহমেদ(২০)। সে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ঘৃলাই এলাকার সরকার পাড়ার তফছের আলীর ছেলে।
জানা যায়, শাকিল আহমেদ বেশ কিছুদিন আগে মাদকাসক্ত হয়ে পড়ে। এরপর প্রায়ই সে নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে এসে বাবা-মাকে মারধর করে। এলাকার লোকজনসহ আত্মীয়-স্বজনরা তাকে শোধরানোর চেষ্টা করেও ব্যর্থ হন।
এ অবস্থায় গতকাল শনিবার দুপুরে সে অন্য দিনের ন্যায় নেশাগ্রস্ত অবস্থায় বাবা তফছের আলীকে মারধর করতে থাকে। জীবন বাঁচাতে তফছের আলী ৯৯৯-এ কল করে পুলিশের সাহায্য প্রার্থনা করেন। পরে বদরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শাকিল আহমেদকে আটক করে।
গতকাল শনিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে শাকিলকে তিন মাসের কারাদণ্ডাদেশ প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এসিল্যাণ্ড শাহাদাৎ হোসেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/169327