দেশে এসেছে ইসরায়েলের হামলায় নিহত দিপালীর লাশ

দেশে এসেছে ইসরায়েলের হামলায় নিহত দিপালীর লাশ

লেবাননের বৈরুতে ইসরায়েলি হামলায় নিহত দিপালী আক্তারের মরদেহ দেশে পৌঁছেছে। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহটি পৌঁছালে তা গ্রহণ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ সময় প্রতিমন্ত্রী বলেন, সরকারের কাছে মধ্যপ্রাচ্যে থাকা বাংলাদেশিদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার এবং দিপালীর পরিবারের পাশে সরকার থাকবে।

তিনি জানান, চলমান সংঘাতে এ পর্যন্ত আটজন বাংলাদেশি নিহত হয়েছেন। তাদের মধ্যে দিপালীসহ ছয়জনের মরদেহ দেশে আনা সম্ভব হয়েছে। অন্য দুজনের একজনকে সৌদি আরবে দাফন করা হয়েছে এবং ইরাকে নিহত আরেকজনের মরদেহ এখনো দেশে আনা যায়নি।

মরদেহ আনতে বিলম্বের কারণ হিসেবে তিনি বলেন, যুদ্ধ পরিস্থিতি, ফ্লাইট সংকট এবং বিভিন্ন দেশের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতেই সময় লেগেছে।

ফরিদপুরের দিপালী আক্তার ২০১১ সালে লেবাননে যান। গত ৮ এপ্রিল বৈরুতের একটি ভবনে ইসরায়েলি বিমান হামলায় আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় রফিক হারিরি হাসপাতালে তার মৃত্যু হয়।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/168054