রাজনীতিতে আমার কেবল শুরু: চমক
সংরক্ষিত নারী আসনে প্রার্থী হয়ে চমকে দিয়েছিলেন মডেল ও অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। কিন্তু চাইলেই কি আর সব হয়। মনোনয়ন জোটেনি, কিন্তু বঞ্চিত হওয়ায় আক্ষেপ নেই তার। জানালেন, দেশের জন্যই কাজ চালিয়ে যেতে চান।
সামাজিক যোগাযোগ মাধ্যমে তাৎক্ষণিক এক লাইভে এসে শুরুতেই ভক্তের নেতিবাচক কমেন্টের জবাব দিলেন চমক।
চমক বলেন, আমি আমার পরাজয়কে উদযাপন করছি। আমার পা থেকে মাথা পর্যন্ত সাহস। আমি আরও দুইশবার ফেইল করবো, দুইশ’বার ট্রাই করবো। এটা আমার শুরু। আমার রাজনৈতিক পথচলার শুরুই হল এমপি প্রার্থী হয়ে। যারা যোগ্য প্রার্থী তাদেরই তো আগে সুযোগ দেয়া হবে। এটাতে আমার কোন আক্ষেপ নেই।
জুলাই গণ আন্দোলনে নিজেকে সক্রিয় রেখেছিলেন চমক। রাজনীতিতে সক্রিয় অবস্থান জানাবেন কেউ ভাবেনি আগে। প্রার্থী হয়ে তাই চমক যেন চমক হয়েই ধরা দিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেও হয়েছেন ভাইরাল। তবে, নিজের রাজনৈতিক পথচলাকে কেবল সূচনা হিসেবে দেখছেন তিনি।
অভিনয়ের পাশাপাশি চমক নিয়মিতই দেশের ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরতে দেশের প্রত্যন্ত অঞ্চলে ছুটে গিয়ে কনটেন্ট তৈরি করছেন। যা প্রশংসিত হয়েছে ইতিমধ্যেই। নিজের পথচলার ভবিষ্যত অঙ্গিকারেও সে কথাই জানালেন। পাশাপাশি তার জেলায় মনোনয়প্রাপ্ত ফরিদা ইয়াসমিনকেও অভিনন্দন জানিয়েছেন।
“আমার মূল লক্ষ্য দেশ ও দশের সেবা করা। আমি কুষ্টিয়ার মানুষের জন্য কাজ করতে চাই এবং আমাদের হাজার বছরের বাঙালি সংস্কৃতিকে বিশ্বের দরবারে তুলে ধরতে চাই।”-যোগ করেন চমক।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/165824