ধুনটে ভ্রাম্যমান আদালতে নারী সহ ২ মাদকসেবীর কারাদন্ড
ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলায় গ্রামীন জনপদে মাদক দ্রব্য সেবন, প্রয়োগ ও ব্যবহারের দায়ে নারী সহ দুই মাদকসেবীর ৪৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার দুপুর ১২টায় ধুনট উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট খায়রুজ্জামান মাদকসেবীদের বিরুদ্ধে এ দন্ডাদেশ দেন। দন্ডপ্রাপ্ত আসামিরা হলো, উপজেলার নলডাঙ্গা গ্রামের খোকা মন্ডলের ছেলে ফুল মিয়া (৩২) ও সোহরাব আলী মন্ডলের স্ত্রী রোকেয়া খাতুন (৪১)।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, উপজেলার নলডাঙ্গা গ্রামটি এলাকায় মাদকসেবীদের আখড়া নামে পরিচিত। ওই গ্রামে অবাধে মাদক দ্রব্য সেবন ও ব্যবসা হয়ে থাকে। তারই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার দুপুরে ফুল মিয়া ও রোকেয়া খাতুন মাদক দ্রব্য সেবন করে প্রকাশ্যে মাতলামি করছিল।
এ সময় গোপন সংবাদের ভিত্তিতে ভ্রামমান আদালতের দল সেখানে অভিযান চালিয়ে নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি বিনষ্ট করার অপরাধে তাদের বিরুদ্ধে দন্ডাদেশ দেন। ধুনট উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট খায়রুজ্জামান এ তথ্য নিশ্চিত করে বলেন, ভ্রাম্যমান আদালতে দন্ডপ্রাপ্ত আসামিদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/160690