সিরাজগঞ্জের কাজিপুরে যৌথ অভিযানে গাঁজার গাছসহ গ্রেফতার ১
কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নে এক ব্যক্তির বাড়িতে যৌথ অভিযান চালিয়ে ৫ কেজি ওজনের ১২ ফুট লম্বা একটি গাঁজার গাছসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ওই ব্যক্তির নাম মাহবুবুর রহমান ওরফে মানিক। তিনি উপজেলার চালিতাডাঙ্গা গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে। পেশায় একটি কারিগরি বিদ্যালয়ের শিক্ষক মানিক মাস্টার কাজিপুর উপজেলা যুবদলের সাবেক প্রচার সম্পাদক।
গতকাল রোববার রাতে সাড়ে ৮টা থেকে পৌনে ১০টা পর্যন্ত কাজিপুর উপজেলা নির্বাহী অফিসাররের নেতৃত্বে থানা পুলিশ ও সিরাজগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।
কাজিপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আবু সাঈদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে আটক ব্যক্তির বাড়ির পিছন থেকে প্রায় ১০-১২ ফুট উচ্চতার এবং আনুমানিক ৫ কেজি ওজনের একটি গাঁজার গাছ উদ্ধার করা হয়। রাতেই থানায় মামলা দায়ের করা হয়েছে। আজ সোমবার (২ মার্চ) সকালে তাকে কোর্টের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
অভিযানের নেতৃত্বদানকারী কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাছটি পরিকল্পিতভাবে রোপণ ও পরিচর্যার মাধ্যমে বড় করা হয়েছে। পরে জিজ্ঞাসাবাদে অভিযুক্ত মাহবুবুর রহমান তার অপরাধ স্বীকার করেন।
অভিযানে কাজিপুর থানার পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সিরাজগঞ্জ-এর সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম, ইন্সপেক্টর নিজাম উদ্দিন খান ও তাদের টিম অংশ নেন।