বগুড়ার ধুনটে নেশার টাকার জন্য মা ও স্ত্রীকে নির্যাতন, কৃষকের দন্ড
ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলায় মাদক বিরোধী ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মোন্নাফ আলী আকন্দ (৩১) নামে মাদকাসক্ত এক কৃষকের ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ২০০ টাকা জরিমানা প্রদান করা হয়েছে। জরিমানার টাকা অনাদায়ে আরো ১৫ দিনের জেল দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার প্রীতিলতা বর্মন এ দন্ডাদেশ দেন। দন্ডপ্রাপ্ত আসামি মোন্নাফ আলী আকন্দ উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের জালশুকা গ্রামের আবুল কালাম আজাদের ছেলে।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, এক সময় ধণাঢ্য পরিবারের সন্তান ছিল মোন্নাফ আলী। এ অবস্থায় দীর্ঘদিন ধরে সে মাদকাসক্ত হয়ে পড়ে। মাদক সেবনের টাকার জন্য সংসারের সহায়-সম্বল বিক্রি করে নিঃস্ব হয়ে পড়েছে। বর্তমানে মাদক কেনার টাকার জন্য প্রায়ই মা ও স্ত্রীকে নানাভাবে নির্যাতন ও ঘরের আসবাবপত্র ভাঙচুর করে। নির্যাতন সইতে না পেরে পরিবারের লোকজন উপজেলা নির্বাহী অফিসারসহ আইনপ্রয়োগকারী সংস্থার বিভিন্ন দপ্তরে অভিযোগ করে।
এ অবস্থায় বুধবার বিকেলে জালশুকা গ্রামে খালের ওপর ব্রিজে বসে ইয়াবা ট্যাবলেট সেবন করতে থাকে মোন্নাফ আলী। এসময় সংবাদ পেয়ে ভ্রাম্যমাণ আদালতের টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোন্নাফ আলীর বিরুদ্ধে এ দন্ডাদেশ দেন। সাজাপ্রাপ্ত আসামি মোন্নাফ আলীকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার প্রীতিলতা বর্মন জানান, মাদক প্রতিরোধে এমন অভিযান অব্যাহত থাকবে। সেই সাথে মাদক ও জুয়া প্রতিরোধে সকল পেশার মানুষের সহযোগিতা কামনা করেছেন তিনি।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/158252