জয়পুরহাটের বাগজানাতে হলুদের বাম্পার ফলন
বাগজানা (জয়পুরহাট) প্রতিনিধি: বাগজানাতে হলুদের বাম্পার ফলন হয়েছে। উপজেলার বাগজানা ইউনিয়নের সর্বত্রই এই হলুদের চাষাবাদ চোখে পড়ে। খরচ কম, লাভ বেশি হওয়ায় উপজেলার কৃষকরা উচ্চফলনশীল মরিচবাটি, বোল্ডার ও গাঙ্গনিসহ অনেক জাতের হলুদ চাষ করেছেন।
এদিকে পাবনা, কুষ্টিয়া, টাঙ্গাইল, রাজশাহী, নওগাঁ, রাজবাড়ী, ময়মনসিংহ ও নীলফামারী জেলায় ব্যপাকভাবে হলুদের চাষাবাদ হলেও বর্তমানে পাঁচবিবি উপজেলায় দিন দিন এ ফসলের চাষাবাদ বৃদ্ধি পাচ্ছে। উপজেলার সীমান্তবর্তী বাগজানা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের চাষি সুভাষ চন্দ্র মহন্ত বলেন, এ বছর ১০ কাঠা জমিতে মরিচবাটি হলুদ চাষ করেছি এবং ৫০মণ হলুদের উৎপাদন হয়েছে।
প্রতিমণ ১৩০০ টাকা দরে পাঁচবিবি বাজারে বিক্রি করেছি। অন্য ফসলের তুলনায় হলুদ চাষে খরচ কম ও রোগবালাই কম। এছাড়া শ্রমিক খরচ কম, রাসায়নিক সার ও কীটনাশক প্রয়োগ করতে হয় না এ কারনে লাভ ভালো হয়েছে। স্থানীয় পাইকার শহিদুল ইসলাম বলেন, কৃষকের কাছ থেকে হলুদ কিনে দেশের বিভিন্ন আড়তে নিয়ে বিক্রি করি। দিন দিন এ ফসলের চাষ বাড়ছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: জসিম উদ্দিন বলেন, এ বছর উপজেলার ১০৫ হেক্টর জমিতে হলুদ চাষ হয়েছে। হলুদের জমিতে সাথী ফসল হিসেবে বিভিন্ন ফসল চাষ করা যায়। হলুদে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, পটাশিয়াম, ভিটামিন বি-৬, ম্যাগনেসিয়াম, ভিটামিন সি, ক্যালসিয়াম, লৌহ ও ক্যারোটিন। এতে বিদ্যমান কারকিউমিন রাসায়নিক উপাদানটি স্বতন্ত্র রং ও গন্ধ দেয় এবং রোগ প্রতিরোধ করে বলেও জানান তিনি।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/158205