বগুড়ার শিবগঞ্জে ধানের শীষে ভোট দিতে বাধা দেওয়ায় আত্মহত্যার চেষ্টা গৃহবধূর

বগুড়ার শিবগঞ্জে ধানের শীষে ভোট দিতে বাধা দেওয়ায় আত্মহত্যার চেষ্টা গৃহবধূর

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ধানের শীষে ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগে এক গৃহবধূ বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন। গত ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিন বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার শিবগঞ্জ ইউনিয়নের জুড়িমাঝপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। তিনি বর্তমানে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

জানা গেছে, উপজেলার জুড়িমাঝপাড়া এলাকার ওই গৃহবধূ ভোটের দিন মীর শাহে আলমের ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার সিদ্ধান্ত নেন। অভিযোগ রয়েছে, তার স্বামী তাকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিতে চাপ প্রয়োগ করেন এবং ধানের শীষে ভোট দিতে বাধা দেন। এসময় ওই গৃহবধূকে মারপিট করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। এতে তিনি ভোটের দিন সকালে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন।

পরে স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেন। ঘটনার খবর পেয়ে নবনির্বাচিত সংসদ সদস্য মীর শাহে আলমের নির্দেশে উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এসএম তাজুল ইসলাম স্থানীয় বিএনপি নেতাদের সাথে নিয়ে হাসপাতালে গিয়ে তার খোঁজখবর নেন। ওই গৃহবধূর চিকিৎসার যাবতীয় দায়িত্ব নেন নবনির্বাচিত সংসদ সদস্য মীর শাহে আলম।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/157749