ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ইউএনও অফিসে বিস্ফোরণ অফিস পাড়ায় আতঙ্ক
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের নিচতলায় বিস্ফোরণের আলামত পাওয়া গেছে।
আজ রোববার (২৯ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে যুব উন্নয়ন ও সমবায় কার্যালয়ের মাঝামাঝি স্থানে কাঁচের বোতলের ভাঙা টুকরো ও দেয়ালে পোড়া দাগ দেখতে পান কর্মচারীরা। এ ঘটনায় স্থানীয় প্রশাসন ও অফিসপাড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। এ ঘটনায় ঈশ্বরগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন কুমার দেবনাথ।
জিডি সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে অফিস শেষে সমবায় কার্যালয়ের অফিস সহায়ক নাজমুল হক কচি কলাপসিবল গেট বন্ধ করে চলে যান। এরপর শুক্র ও শনিবার (২৭ ও ২৮ নভেম্বর) সাপ্তাহিক ছুটি থাকায় কার্যালয়গুলো বন্ধ ছিল।
রোববার সকাল ৮টা ৫৫ মিনিটে যুব উন্নয়ন কার্যালয়ের ক্যাশিয়ার সাজেদুল করিম গেট খুলে ভেতরে প্রবেশ করেন। এ সময় যুব উন্নয়ন ও সমবায় কার্যালয়ের মাঝামাঝি স্থানে কাঁচের বোতলের ভাঙা টুকরো পড়ে থাকতে দেখেন তিনি। একই সঙ্গে দেয়ালের একটি অংশে পোড়া ও কালো দাগ দেখতে পান। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের নৈশপ্রহরী মতিউর রহমান ঘটনাস্থলে এসে বিষয়টি ইউএনওকে জানান।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে পুলিশকে বিষয়টি জানানো হলে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমন সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে যান। পুলিশ ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত জব্দ করে থানায় নিয়ে যায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান জানান, শুক্রবার থেকে রোববার সকাল পর্যন্ত সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করা হয়েছে। তবে বিস্ফোরণের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। ওই সময়ে উপজেলা পরিষদ চত্বরে গ্রামপুলিশ ও তার কার্যালয়ের নৈশপ্রহরী দায়িত্ব পালন করছিলেন। কিন্তু তারাও এ বিষয়ে কিছু বুঝতে পারেননি।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/192971