বিমানে ওঠার সময় দোয়া: আরবি, বাংলা উচ্চারণ ও অর্থ

বিমানে ওঠার সময় দোয়া: আরবি, বাংলা উচ্চারণ ও অর্থ

আকাশে উড়ে কয়েক ঘণ্টায় দূরের দেশে পৌঁছানো এখন অনেকের জন্যই খুব সাধারণ বিষয়। হজ-ওমরা, চিকিৎসা, কাজ বা আপনজনের সাথে দেখা করা—সব কিছুর জন্যই এখন বিমানে চড়া হয়।

এই লেখায় বিমানে ওঠার আরবি দোয়া, সহজ বাংলা উচ্চারণ, অর্থ এবং কখন কীভাবে পড়বেন—তা সহজভাবে তুলে ধরা হলো।

বিমানে ওঠার দোয়া

সিঁড়ি বেয়ে বিমানে ওঠার সময় তিনবার ‘আল্লাহু আকবার’ পড়ুন, বিমানের সিটে বসে এই দোয়াটি পড়ুন:

আরবি:

سُبْحَانَ الَّذِي سَخَّرَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ، وَإِنَّا إِلَى رَبِّنَا لَمُنْقَلِبُونَ

বাংলা উচ্চারণ: সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা, ওয়া মা কুন্না লাহু মুকরিনীন; ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন।

বাংলা অর্থ: পবিত্র সেই সত্তা, যিনি আমাদের জন্য এই বাহনটিকে বশীভূত করে দিয়েছেন, অথচ আমরা একে বশ করতে সক্ষম ছিলাম না। আর অবশ্যই আমরা আমাদের প্রভুর দিকেই ফিরে যাব। (সুরা জুখরুফ: ১৩-১৪)

বিমান একটি বাহন। নবীজি (সা.) কোনো বাহনে আরোহণের সময় এই দোয়া পড়তেন। (সহিহ মুসলিম) দোয়াটি বিমানসহ যেকোনো যানবাহনে ওঠার সময় পড়া সুন্নত। এই দোয়া মনে করিয়ে দেয়, এই যন্ত্র আবিস্কার ও মানুষের জন্য কার্যকর করে দেওয়ার পেছনে আল্লাহর অনুগ্রহ রয়েছে।

বিমানযাত্রায় নিরাপদ থাকার দোয়া

বিমানযাত্রায় নিরাপদ থাকতে এই দোয়াটি পড়ুন:

আরবি:

بِسْمِ اللَّهِ تَوَكَّلْتُ عَلَى اللَّهِ وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ

বাংলা উচ্চারণ: বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।

বাংলা অর্থ: আল্লাহর নামে (বের হলাম), আল্লাহর ওপরই ভরসা করলাম। আল্লাহর সাহায্য ছাড়া কোনো উপায় ও শক্তি নেই।

হাদিসে এসেছে, কেউ এই দোয়া পড়লে তাকে বলা হয়, ‘তোমার জন্য (আল্লাহই) যথেষ্ট, তুমি অনিষ্ট থেকে সুরক্ষিত হলে।’ আর শয়তান তার কাছ থেকে দূরে সরে যায়। (সুনানে তিরমিজি: ৩৪২৬)

সফরের দোয়া

নবীজি (সা.) কোনো সফরে বের হলে বাহনে আরোহণের সময় তিনবার ‘আল্লাহু আকবার’ বলে ওপরের আয়াতের দোয়া পড়তেন। এরপর সফরের নিম্নোক্ত দোয়াটি পড়তেন। ওপরের দুটি দোয়া পড়ার পর এই দোয়াটি পড়ুন:

আরবি:

اللَّهُمَّ إِنَّا نَسْأَلُكَ فِي سَفَرِنَا هَذَا الْبِرَّ وَالتَّقْوَى، وَمِنَ الْعَمَلِ مَا تَرْضَى، اللَّهُمَّ هَوِّنْ عَلَيْنَا سَفَرَنَا هَذَا وَاطْوِ عَنَّا بُعْدَهُ، اللَّهُمَّ أَنْتَ الصَّاحِبُ فِي السَّفَرِ وَالْخَلِيفَةُ فِي الْأَهْلِ، اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ وَعْثَاءِ السَّفَرِ وَكَآبَةِ الْمَنْظَرِ وَسُوءِ الْمُنْقَلَبِ فِي الْمَالِ وَالْأَهْلِ

বাংলা উচ্চারণ: আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ফি সাফারিনা হাযাল বিররা ওয়াত তাকওয়া, ওয়া মিনাল আমালি মা তারদা। আল্লাহুম্মা হাওয়িন আলাইনা সাফারানা হাযা, ওয়াতবি আন্না বুআদাহ। আল্লাহুম্মা আনতাস সাহিবু ফিস সাফারি, ওয়াল খালিফাতু ফিল আহলি। আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিন ওয়াসাইস সাফারি, ওয়া কাআবাতিল মানজারি, ওয়া সুইল মুনকালাবি ফিল মালি ওয়াল আহলি।

বাংলা অর্থ: হে আল্লাহ, আমাদের এই সফরে আমরা আপনার কাছে নেকি, তাকওয়া এবং আপনার পছন্দনীয় আমলের তাওফিক চাই। হে আল্লাহ, আমাদের এই সফর সহজ করে দিন এবং এর দূরত্ব কমিয়ে দিন। হে আল্লাহ, আপনি সফরে আমাদের সঙ্গী এবং পরিবার-পরিজনের তত্ত্বাবধায়ক। হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই সফরের কষ্ট, মন খারাপ করা দৃশ্য এবং সম্পদ ও পরিবারের কাছে মন্দ অবস্থায় ফিরে আসা থেকে। (সহিহ মুসলিম)

সাধারণ জিজ্ঞাসা (FAQ)

১. বিমানে ওঠার দোয়া কী?
"সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা, ওয়া মা কুন্না লাহু মুকরিনীন; ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন।" (সুরা জুখরুফ: ১৩-১৪)

২. বিমানে ওঠার দোয়া কি আলাদা কিছু?
না, বিমান একটি বাহন, তাই নবীজি বাহনে ওঠার সময় যে দোয়া পড়তেন, সেটিই বিমানে ওঠার সময় পড়া যায়।

৩. বিমানে উঠে কোন দোয়া পড়লে শয়তান দূরে সরে যায়?
"বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।" হাদিসে এসেছে, এই দোয়া পড়লে শয়তান তার কাছ থেকে দূরে সরে যায়। (সুনানে তিরমিজি: ৩৪২৬)

৪. সফরের পূর্ণাঙ্গ দোয়া কোথায় আছে?
সহিহ মুসলিমে, যেখানে সফরে বাহনে আরোহণের দোয়া এবং এর পরের বিশেষ দোয়া বর্ণিত হয়েছে।

শেষ কথা

আকাশপথের সফর হোক কিংবা স্থলপথের, প্রতিটি যাত্রার শুরু হওয়া উচিত আল্লাহর নামে ও তাঁর ওপর ভরসা করে। আল্লাহ আমাদের সবার সফর নিরাপদ ও সহজ করুন এবং সুস্থভাবে গন্তব্যে পৌঁছে আবার পরিবারের কাছে ফিরে আসার তাওফিক দিন, আমিন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/192956