ফ্যাসিস্ট আ’লীগ সন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টি করে দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করছে : মহিত তালুকদার এমপি

ফ্যাসিস্ট আ’লীগ সন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টি করে দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করছে : মহিত তালুকদার এমপি

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়া-৩ (দুপচাঁচিয়া-আদমদীঘি) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার বলেছেন, বিগত ১৭ বছর আওয়ামী লীগ দুঃশাসনে দেশের ব্যাপক ক্ষতি করেছে। ছাত্র-জনতার গণঅভ্যূত্থানের পর জনরোষ থেকে বাঁচতে শেখ হাসিনাসহ পরিবারের সকল আত্মীয়-স্বজন ও সদস্যসহ পালিয়ে গিয়েছে।

বিদেশ থেকে দেশের বিরুদ্ধে আবারও ষড়যন্ত্র করছে। সন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টি করে দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করছে। তাদের ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না। এ ব্যাপারে তিনি দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

আজ রোববার (২৯ নভেম্বর) সকালে গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের সন্ত্রাস ও নৈরাজ্যর প্রতিবাদে গোবিন্দপুর ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে বিশাল প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

সাহারপুকুর বাজার চত্বরে ইউনিয়ন বিএনপি’র সভাপতি মনোয়ার হোসেনের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক রশিদুল ইসলাম শান্তর সঞ্চালনায় সমাবেশটি অনুষ্ঠিত হয়। সমাবেশে আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সভাপতি মনিরুল ইসলাম খান স্বপন, সাবেক সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, উপজেলা যুবদলের আহ্বায়ক আফছার আলী, উপজেলা যুবদল নেতা নাঈম কবিরাজ, রফিকুল ইসলাম, ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এস এম হান্নান, বিএনপি নেতা সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শাহীন আহম্মেদ প্রমুখ।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/192946