সত্যিই কি আজানের জবাব না দিলে মৃত্যুর সময় কালেমা নসিব হয় না?
প্রশ্ন: আমার এক আত্মীয় বলেন, ‘আজানের জবাব না দিলে মৃত্যুর সময় কালেমা নসিব হবে না’ তার কথা কি ঠিক?
উত্তর: না, এই ধারণা ঠিক নয়। আজানের জবাব দেওয়া মুস্তাহাব। আজানের জবাব দিলে সওয়াব হয়, না দিলে গুনাহ হয় না। আজানের জবাব না দিলে মৃত্যুর সময় কালেমা নসিব হবে না এ রকম কোনো কথা কোরআন-হাদিসে বর্ণিত হয়নি।
আজানের জবাব দেওয়ার ফজিলত
আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, নবী (সা.) জানিয়েছেন, মুয়াজ্জিন যা বলেন, কেউ যদি পূর্ণ বিশ্বাস ও দৃঢ়তার সঙ্গে তা-ই বলে, অর্থাৎ আজানের জবাব দেয়, তাহলে তার জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে। (সুনানে নাসাঈ)
আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস (রা.) বলেন, নবী (সা.) বলেছেন, মুয়াজ্জিনকে আজান দিতে শুনলে তার অনুরূপ বাক্যগুলো বলো। এরপর আমার প্রতি দরুদ পাঠ করো এবং আমার জন্য ওয়াসিলা (জান্নাতের সর্বোচ্চ মর্যাদা) প্রার্থনা করো। যে এটি করবে, তার জন্য আমার সুপারিশ পাওয়ার অধিকার সাব্যস্ত হয়ে যাবে। (সহিহ মুসলিম)
আজানের জবাব দেওয়ার পদ্ধতি
আজানের জবাব দেওয়ার পদ্ধতি হলো, মুআজ্জিন যা বলে তা বলা, শুধু ‘হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ’ বললে এর জবাবে ‘লা হাওলা ওয়ালা কুয়্যাতা ইল্লা বিল্লাহ’ (অর্থাৎ কোনো উপায় বা ক্ষমতা নেই আল্লাহ ছাড়া) পড়তে হয়। ফজরের আজানে ‘আস-সালাতু খাইরুম মিনান নাওম’ (নামাজ ঘুমের চেয়ে উত্তম) বলা হলে, জবাবে বলতে হবে, ‘সাদাকতা ওয়া বারারতা’ (তুমি সত্য ও ন্যায় কথা বলেছ)।
ওমর ইবনুল খাত্তাব (রা.) থেকে বর্ণিত আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, মুয়াজ্জিন যখন ‘আল্লাহু আকবার, আল্লাহু আকবার’ বলে তখন তোমাদের কোনো ব্যক্তি যদি অন্তর থেকে তার জবাবে বলে, ‘আল্লাহু আকবার, আল্লাহু আকবার’। মুয়াজ্জিন ‘আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ’ বললে জবাবে ‘আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ’, মুয়াজ্জিন ‘আশহাদু আন্না মুহাম্মাদান রসূলুল্লাহ’ বললে জবাবে ‘আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ’ বলে, তারপর মুয়াজ্জিন ‘হাইয়্যা আলাস সলাহ’ বললে জবাবে ‘লা হাওলা ওয়ালা কুওওয়াতা ইল্লা বিল্লাহ’ পড়ে, মুয়াজ্জিন ‘হাইয়্যা আলাল ফালাহ’ বললে জবাবে ‘লা হাওলা ওয়ালা কুওওয়াতা ইল্লা বিল্লাহ’ পড়ে, তারপর মুয়াজ্জিন ‘আল্লাহু আকবার, আল্লাহু আকবার’ বললে জবাবে ‘আল্লাহু আকবার, আল্লাহু আকবার’ এবং ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ বললে ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ বলে, সে জান্নাতে যাবে। (সহিহ মুসলিম: ৩৮৫)
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/192941