মানসিক শান্তির খোঁজে ঘর সাজানোর সেরা কৌশল

মানসিক শান্তির খোঁজে ঘর সাজানোর সেরা কৌশল

অফিস শেষে ক্লান্ত হয়ে বাড়ি ফিরে অগোছালো, গুমোট ঘর দেখলে স্বস্তির বদলে ক্লান্তিই বাড়ে। অথচ বাড়ি শুধু আশ্রয় নয়, মানসিক শান্তির জায়গাও।

মন ভালো রাখতে বাইরে ঘোরা বা দামি খরচের সবসময় দরকার পড়ে না। ঘরের পরিবেশে সামান্য পরিবর্তন, আলো-বাতাস আর পরিচ্ছন্নতাতেই ফিরতে পারে মনের প্রশান্তি। ছোট ছোট কিছু কৌশলেই ঘরকে করে তোলা যায় শান্তির ঠিকানা।

ছোট ছোট পরিবর্তনে বদলে ফেলুন ঘরের পরিবেশ

জাপানি ‘কাইজেন’দর্শনের মূল কথাই হলো, একসঙ্গে অনেক কিছু বদলে ফেলার চেষ্টা না করে প্রতিদিন সামান্য উন্নতি করা। বাড়ি সাজানোর ক্ষেত্রেও এই পদ্ধতি অনুসরণ করতে পারেন। এক দিনেই পুরো বাড়ি গুছিয়ে ফেলার প্রয়োজন নেই। আজ ঘরের একটি কোণ পরিষ্কার করলেন, পরের দিন জানলা খুলে আলো-বাতাস ঢোকালেন, অন্য দিন পছন্দের ফুল এনে সাজিয়ে রাখলেন। এ ভাবেই ধীরে ধীরে বদলে যেতে পারে বাড়ির পরিবেশ।

সুন্দর বাড়ি মানেই দামি আসবাব, ঝাঁ চকচকে মেঝে কিংবা নিখুঁত অন্দরসজ্জা নয়। যে বাড়িতে ফিরে আপনি স্বস্তি পান, নিজের মতো করে সময় কাটাতে পারেন, সেটিই আপনার আদর্শ সুখের ঠিকানা। আসনু যেসব উপায়ে বাড়িকে করে তুলবেন আনন্দের জায়গা

ঘরে রাখুন টাটকা ফুল

ঘরের পরিবেশ বদলে দিতে কয়েকটি টাটকা ফুলই যথেষ্ট। দামি ফুলের তোড়া কেনার প্রয়োজন নেই। পছন্দের মৌসুমি ফুল ছোট একটি ফুলদানিতে সাজিয়ে রাখুন। বসার ঘরের টেবিল, খাবার ঘর কিংবা জানলার পাশে রাখতে পারেন ফুলদানি। ফুলের রং ও সৌন্দর্য চোখের আরাম দেয়। প্রকৃতির কাছাকাছি থাকার অনুভূতিও তৈরি হয়। প্রতিদিন সকালে ফুলদানিতে নতুন ফুল সাজানোর অভ্যাস মন ভাল রাখার ছোট একটি উপায় হতে পারে।

দিনের বেলার আলো ও বাতাস ঘরে প্রবেশ করতে দিন

সকালে ঘুম থেকে উঠেই জানলার পর্দা সরিয়ে দিন। ঘরে যতটা সম্ভব প্রাকৃতিক আলো প্রবেশ করতে দিন। দিনের আলো শরীরের স্বাভাবিক জৈবঘড়ি বা বডি ক্লক ঠিক রাখতে সাহায্য করে। এতে দিনের বেলা সতেজ থাকা এবং রাতে ঘুমের ছন্দ বজায় রাখা সহজ হয়। পাশাপাশি জানলা খুলে দিলে ঘরের জমে থাকা বাতাস বেরিয়ে যায়। ঘরে স্যাঁতসেঁতে ভাব বা বদ্ধ গন্ধও কমতে পারে। তবে সন্ধ্যার পর অতিরিক্ত উজ্জ্বল আলো না জ্বালিয়ে মৃদু আলো ব্যবহার করুন। এতে ঘরে আরামদায়ক পরিবেশ তৈরি হবে।

পছন্দের গান বাজান

মন খারাপ হলে অনেকেই গান শুনতে পছন্দ করেন। কারণ সঙ্গীত মনের আবেগ ও অনুভূতির উপর প্রভাব ফেলতে পারে। পছন্দের গান শুনলে আনন্দের অনুভূতি তৈরি হতে পারে, মানসিক চাপও কিছুটা কমতে পারে। তাই বাড়ি ফিরে কাজের ক্লান্তি ঝেড়ে ফেলতে কয়েক মিনিট নিজের পছন্দের গান শুনুন। চাইলে রান্না করার সময়ে, ঘর গোছানোর সময়ে কিংবা সন্ধ্যায় চায়ের কাপ হাতে নিয়েও গান শুনতে পারেন। তবে গান শোনার পাশাপাশি কিছুটা সময় নিজের জন্য রাখুন।

নিজের জন্য ছোট একটি কোণ তৈরি করুন 

বাড়ির একটি ছোট জায়গা শুধুমাত্র নিজের জন্য বরাদ্দ রাখুন। সেখানে থাকতে পারে আরামদায়ক চেয়ার, নরম বালিশ, ছোট গালিচা, হালকা কম্বল এবং পছন্দের কয়েকটি বই। পাশে রাখতে পারেন মৃদু আলোর একটি ল্যাম্প। কাজের চাপ বা মানসিক ক্লান্তি অনুভব করলে এই কোণে গিয়ে কিছুক্ষণ বসুন। বই পড়ুন, গান শুনুন কিংবা চুপচাপ নিজের সঙ্গে সময় কাটান। প্রতিদিনের ব্যস্ততার মধ্যে এই ছোট বিরতিও মানসিক স্বস্তি দিতে পারে।

অগোছালো জিনিস সরিয়ে রাখুন

ঘর অগোছালো থাকলে প্রয়োজনীয় জিনিস খুঁজে পেতেও সমস্যা হয়। পাশাপাশি চারপাশের বিশৃঙ্খলা মানসিক অস্বস্তি বাড়াতে পারে। তাই প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে মাত্র ১০-১৫ মিনিট সময় নিয়ে ঘর গুছিয়ে রাখুন। ব্যবহারের পর জামাকাপড় নির্দিষ্ট জায়গায় রাখুন, সিঙ্কে বাসন জমতে দেবেন না এবং অপ্রয়োজনীয় জিনিস সরিয়ে ফেলুন। একসঙ্গে সব কাজ করার চাপ না নিয়ে প্রতিদিন একটু একটু করে গুছিয়ে নিন।

ঘরে রাখুন পছন্দের সুগন্ধ

ঘরের বোটকা গন্ধ মন খারাপের অন্যতম কারণ হতে পারে। তাই নিয়মিত ঘর পরিষ্কার করুন এবং জানলা খুলে বাতাস চলাচলের ব্যবস্থা রাখুন। চাইলে পছন্দের সুগন্ধি ফুল কিংবা নিরাপদ সুগন্ধি মোমবাতি ব্যবহার করতে পারেন। তবে ঘ্রাণের প্রতি সংবেদনশীলতা থাকলে তীব্র সুগন্ধ এড়িয়ে চলুন।

দিনের শেষে বাড়ি এমন একটি জায়গা হওয়া উচিত, যেখানে ফিরলে বাইরের ব্যস্ততা থেকে নিজেকে একটু দূরে সরিয়ে রাখা যায়। তাই ঘর সাজানোর জন্য বড় বাজেটের প্রয়োজন নেই। নিজের পছন্দ, আরাম এবং ছোট ছোট অভ্যাসের মধ্যেই তৈরি হতে পারে সুখী গৃহকোণ।

সূত্র: ভোগ, ম্যাজিক ব্রিকস, দ্য স্প্রুস

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/192936