ইসির মেরুদণ্ড আরও শক্ত হওয়া দরকার: কাদের সিদ্দিকী

ইসির মেরুদণ্ড আরও শক্ত হওয়া দরকার: কাদের সিদ্দিকী

নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশনের (ইসি) মেরুদণ্ড আরও শক্ত হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। তিনি বলেন, অনেক ক্ষেত্রে ভোটের বাক্সের ফলাফলের সঙ্গে ঘোষিত ফলাফলের পার্থক্য দেখা যায়—এ ধরনের অনিয়ম মোকাবিলায় কমিশনকে দৃঢ় অবস্থান নিতে হবে।

আজ রোববার (২৯ নভেম্বর) নির্বাচন কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

নির্বাচন কমিশনকে শক্তিশালী হওয়ার আহ্বান জানিয়ে কাদের সিদ্দিকী ১৯৯৯ সালের একটি উপনির্বাচনের প্রসঙ্গ টানেন। তিনি অভিযোগ করেন, ওই নির্বাচনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রভাব বিস্তার করেছিলেন এবং ভোট কারচুপির অভিযোগের পরও তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার আবু হেনা সেই ফলাফল ঘোষণা না করে দীর্ঘদিন ঝুলিয়ে রেখেছিলেন।

বাংলাদেশের জন্মই নির্বাচনের মধ্য দিয়ে হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ১৯৭০ সালের নির্বাচনে পাকিস্তানি শাসকগোষ্ঠী জনগণের রায় মেনে নিলে ১৯৭১ সালে স্বাধীনতার প্রয়োজন হতো না। তাই ভোটের অধিকার ও নির্বাচনের গুরুত্ব অনুধাবন করে কমিশনকে দায়িত্ব পালন করতে হবে।

নির্বাচনে প্রার্থীদের ব্যয় কমানোর ওপর জোর দিয়ে কাদের সিদ্দিকী বলেন, বর্তমানে প্রার্থীদের জামানতের পরিমাণ অনেক বেশি; এটি এক হাজার টাকা হলেও কোনো ক্ষতি হতো না। এছাড়া ভোটার তালিকা ও সিডি প্রিন্ট করার খরচ বহন করা স্বল্প আয়ের প্রার্থীদের জন্য কষ্টকর উল্লেখ করে তিনি কমিশনের পক্ষ থেকেই প্রার্থীদের ভোটার তালিকা ছাপিয়ে দেওয়ার প্রস্তাব দেন।

প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার বিষয়ে তিনি বলেন, শুধু বিএ বা এমএ পাস করলেই প্রকৃত জ্ঞান ও নৈতিকতা অর্জিত হয় না। দেশের তথাকথিত শিক্ষিত মানুষের চেয়ে গ্রামের স্বল্পশিক্ষিত মানুষের নীতি-আদর্শ ও মানবিক গুণাবলি অনেক বেশি থাকতে পারে। তাই নির্বাচনে প্রাতিষ্ঠানিক শিক্ষার বদলে মানবিক শিক্ষা, নৈতিকতা ও নাগরিক অধিকারের সমতাকে গুরুত্ব দেওয়া উচিত।

সব রাজনৈতিক দলকে নিয়ে ইসির আলোচনার উদ্যোগকে প্রশংসনীয় উল্লেখ করে তিনি সরকারকেও সবার সঙ্গে আলোচনা করে চলার পরামর্শ দেন। রাজনীতিতে বিরোধী মতের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়ে কাদের সিদ্দিকী বলেন, ক্ষমতায় গেলে সবার আগে বিরোধীদের সম্মান করতে হবে এবং তাদের জীবন, সম্পদ ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে নির্বাচন কমিশনের দূরত্ব কমানোর তাগিদ দিয়ে তিনি বলেন, কমিশনে অভিযোগ জানিয়ে যেন দ্রুত সাড়া ও প্রতিকার পাওয়া যায়, সেই ব্যবস্থা নিশ্চিত করতে হবে। ইসির এই সংলাপ সফল হলে দেশের অনেক সংকট দূর হবে উল্লেখ করে প্রয়োজনে কমিশনকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/192916