ষড়যন্ত্র-নাশকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ডা. শাহাদাতের
সকল ষড়যন্ত্র, সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন। তিনি বলেছেন, জাতীয়তাবাদী শক্তির নেতাকর্মীরা অতীতেও রাজপথে ছিলেন, এখনো আছেন এবং ভবিষ্যতেও যেকোনো পরিস্থিতি মোকাবিলায় রাজপথে থাকবেন।
আজ রবিবার (২৯ নভেম্বর) দুপুরে নগরের সিরাজুদ্দৌলা রোডের দিদার মার্কেট চত্বরে আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রাম মহানগর সাবেক ছাত্রদল ফোরাম এ কর্মসূচির আয়োজন করে।
ডা. শাহাদাত হোসেন বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে তৃণমূলের নেতাকর্মীদের আন্দোলন-সংগ্রাম তিনি কাছ থেকে দেখেছেন। অনেক নেতাকর্মী মিথ্যা মামলা, হামলা ও গুমের শিকার হয়েছেন। প্রতিকূল পরিস্থিতিতেও তাঁরা রাজপথ ছাড়েননি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া কখনো অন্যায়ের কাছে মাথানত করেননি; বরং কারাবরণ করেছেন। তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে দলের নেতাকর্মীরাও নির্যাতন-নিপীড়ন সহ্য করে আন্দোলন অব্যাহত রেখেছেন।
তিনি বলেন, আজকের কর্মসূচিতেও তৃণমূলের নেতাকর্মীরা সক্রিয় ও সংগঠিত ভূমিকা রেখেছেন। আন্দোলন-সংগ্রামের কর্মসূচিতে তাঁদের উপস্থিতি ও অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিএনপির এই নেতা আরও বলেন, আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস, বোমাবাজি ও নাশকতার বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে। দেশের মানুষের নিরাপত্তা ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় যেকোনো অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। শিশু ও নিরীহ মানুষের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। অপরাধীদের বিচারের আওতায় আনার ক্ষেত্রে কোনো আপস করা যাবে না।
তিনি বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের আড়াল করে কিংবা অন্যের ওপর দায় চাপিয়ে পার পাওয়ার সুযোগ নেই। এসব কর্মকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।
ডা. শাহাদাত হোসেন বলেন, বিএনপি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নেতাকর্মীরা সব ধরনের ষড়যন্ত্র মোকাবিলায় প্রস্তুত রয়েছেন। দলের মধ্যে ঐক্য, শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতা বজায় রাখতে হবে, যাতে কোনো ষড়যন্ত্র ঐক্য নষ্ট করতে না পারে।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, অতীতের ত্যাগ, সংগ্রাম ও সহযোদ্ধাদের অবদান ভুলে গেলে চলবে না। যারা দলের জন্য নির্যাতন-নিপীড়ন সহ্য করেছেন, তাঁদের স্মরণ করে আত্মত্যাগ থেকে শিক্ষা নিতে হবে। আগামী দিনের পথচলা আরও সুসংগঠিত করতে হবে।
সমাবেশ শেষে ডা. শাহাদাত হোসেনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি দিদার মার্কেটের সামনে থেকে শুরু হয়ে চন্দনপুরা ও নবাব সিরাজুদ্দৌলা রোড ঘুরে প্যারেড মাঠের সামনে গিয়ে শেষ হয়।
চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গাজী মোহাম্মদ সিরাজ উল্লাহর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন ও আহমেদ উল আলম চৌধুরী রাসেল, আহ্বায়ক কমিটির সদস্য মো. কামরুল ইসলাম, মহানগর বিএনপি নেতা সালাউদ্দিন কায়সার লাবু, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ ইদ্রিস আলী, ইউনুছ চৌধুরী হাকিম, জাকির হোসেন, ফরিদুল হক লিটন, ওয়ার্ড বিএনপি নেতা এস এম মুফিজ উল্লাহ, হাজী মোহাম্মদ ইমরান উদ্দিন, মহিউদ্দিন মিজান, মনজুর কাদের, জাহেদুল হক জাকু ও আরিফুল হক ডিউক।
এ ছাড়া মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক একরামুল হক ছোট্ট, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া, অঙ্গসংগঠনের নেতা গোলজার হোসেন, লিয়াকত আলী, আবদুল জলিল, আলিফ উদ্দিন রুবেল, নজরুল ইসলাম, আনোয়ার হোসেন, এন মোহাম্মদ রিমন, নিয়াজ মোরশেদ, সালাউদ্দিন কাদের আসাদ, মোবারক বিন নাহিদ ও এম এইচ টিটুসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/192913